বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে এসে স্টাফদের মারধরের শিকার হয়েছেন এক যুবক। এ সময় তার সঙ্গে থাকা মায়ের চিকিৎসার প্রায় ১২ হাজার টাকাও খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (০৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের পূর্ব পাশে নতুন বহির্বিভাগ ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়, হাসপাতালের স্টাফরা রোগীর স্বজনকে মারধর করছেন। তবে অভিযোগ উঠেছে, এ ঘটনায় হাসপাতাল প্রশাসন বিচার না করে উল্টো কর্মচারীদের পক্ষ নিয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অসুস্থ মা তার সন্তানকে স্টাফদের মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে পড়ে যান। এ সময় সাদা পাঞ্জাবি পরিহিত এক স্টাফ তাকে ঠেলে দেন এবং তার ছেলেকে মারধর করতে থাকেন।পরে ওয়ার্ড মাস্টার ও আশপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মারধরের শিকার যুবক বরিশাল নগরীর দক্ষিণ রূপাতলীর বাসিন্দা সাগর খান জানান, তিনি তার ক্যান্সার আক্রান্ত মা লাকি বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার সময় তিনি মাকে নিয়ে নতুন বহির্বিভাগ ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক ট্রলিচালক বেপরোয়াভাবে এসে তার অসুস্থ মায়ের পায়ের ওপর ট্রলির চাকা তুলে দেয়।এর প্রতিবাদ করতেই দুই ট্রলিচালক ক্ষিপ্ত হয়ে ওঠেন।
সাগর আরও জানান, ট্রলিচালক রাসেল ও রিভু তাকে কয়েক দফায় মারধর করেন। এতে তার টি-শার্ট ছিঁড়ে যায়।
তিনি বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গেলে তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখার পরও কর্মচারীদের পক্ষেই অবস্থান নেন। এমনকি খোয়া যাওয়া ১১ হাজার ৭৯০ টাকার দায়ভার নিতেও অস্বীকৃতি জানান।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহমুদ হাসান। তিনি বলেন, ‘এ ঘটনায় কী হয়েছে, তা আমি বলতে পারব না। বিষয়টি বড় স্যারের কাছে পাঠানো হয়েছে, তিনি ব্যবস্থা নেবেন।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী