Home » পিরোজপুর » ভান্ডারিয়া » কোরআনের নির্দেশনায় জীবন পরিচালনা করতে হবে : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী
২ May ২০২৬ Saturday ৭:৪৮:১০ PM
কোরআনের নির্দেশনায় জীবন পরিচালনা করতে হবে : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেছেন, ‘পবিত্র কুরআনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করাই একজন মুসলমানের প্রধান দায়িত্ব। কুরআনের শিক্ষা শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই তা অনুসরণ করা প্রয়োজন।’
শুক্রবার (১ মে) রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া বন্দরের তাফসির ময়দানে ১০ দিনব্যাপী মাহফিলের সমাপনী দিনে আখেরি মোনাজাতের পূর্বে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সমাজে ব্যস্ততার কারণে অনেকেই নামাজের মতো ফরজ ইবাদতকে অবহেলা করছেন।অথচ নামাজ একজন মুসলমানের ঈমানের ভিত্তি। নামাজ থেকে দূরে সরে গেলে মানুষের ঈমান দুর্বল হয়ে পড়ে এবং নৈতিক অবক্ষয় দেখা দেয়।’ এ সময় তিনি সবাইকে নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
হালাল জীবিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘একজন মুসলমানের উপার্জনের উৎস পবিত্র হওয়া জরুরি।হালাল উপার্জনে জীবনে বরকত আসে, আর হারাম আয় ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য ক্ষতিকর। তাই সৎ পথে উপার্জন এবং নৈতিকতার ভিত্তিতে জীবন গড়ে তুলতে হবে।’
জাকাত প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সমাজে অনেকেই জাকাত সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তা যথাযথভাবে আদায় করেন না। এর ফলে দরিদ্র জনগোষ্ঠী তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়।’ তিনি জাকাতের সঠিক বণ্টনের মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাসে গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘ইসলামী শরিয়াহ একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আল্লাহর বিধান মেনে চলা প্রতিটি মুসলমানের কর্তব্য। মানুষ যখন এ পথ থেকে বিচ্যুত হয়, তখন আলেম-ওলামারা ওয়াজ, নসিহত ও তাফসিরের মাধ্যমে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এ ধরনের মাহফিল সমাজে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
মাহফিলে আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভাণ্ডারিয়া ইসলামী সমাজকল্যাণ কমপ্লেক্সের আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন, সদস্যসচিব জুলফিকার আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্যসচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ