Home » বরিশাল » বরিশাল সদর » ভ্যাপসা গরমে পুড়ছে বরিশাল, ৩৯ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা
৮ June ২০২৬ Monday ৮:২০:৫৫ PM
ভ্যাপসা গরমে পুড়ছে বরিশাল, ৩৯ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা
বিশেষ প্রতিনিধি:
মৃদু তাপপ্রবাহে পুড়ছে পুরো বরিশাল। চলমান তাপদাহে থমকে গেছে দক্ষিণাঞ্চলের প্রধান নগরীর স্বাভাবিক জনজীবন। এ মাসে তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
রোববার (৮ জুন) আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানা যায়।
এ দিকে দিন দিন তাপমাত্রার পারদ যত বাড়ছে, মানুষের ভোগান্তির পাশাপাশি হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, ডিহাইড্রেশনসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ উঁচুতে থাকবে। এ মাসে তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে।
তবে পরিবেশ ও নগর পরিকল্পনাবিদদের মতে, প্রকৃতির এই বিরূপ আচরণের পেছনে শুধু জলবায়ু পরিবর্তন নয়, বরং অপরিকল্পিত নগরায়ন ও যন্ত্রের অবাধ ব্যবহারই সবচেয়ে বেশি দায়ী।
বরিশাল সিটি কর্পোরেশনের তথ্য বলছে, বর্তমানে নগরীর প্রায় ২৫ হাজার ভবনে গড় হিসেবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সংখ্যা প্রায় পৌনে দুই লাখ। এসব এসি থেকে প্রতিদিন নির্গত কোটি কোটি কিউবিক ফুট গরম বাতাস পুরো শহরকে যেন একটি জ্বলন্ত ওভেনে পরিণত করেছে।
নগরীর চকবাজার এলাকায় কথা হয় রিকশাচালক কালাম মিয়ার সঙ্গে; তিনি বলেন, ‘রাস্তায় নামলে মনে হয় ওপর থেকে আগুন পড়ছে। আবার বড় বড় বিল্ডিংয়ের পাশ দিয়ে যখন যাই, মনে হয় গরম বাতাস গায়ে আইসা লাগে। রিকশা চালানোই এহন সবচেয়ে বেশি কষ্টের।’
একই ক্ষোভ প্রকাশ করে বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী লামিয়া আক্তার বলেন, ‘আগে বরিশালে এত গরম লাগত না। এখন রাস্তায় বের হলে দম বন্ধ হয়ে আসে। চারদিকে শুধু ইট-পাথর আর এসি। আমাদের মতো সাধারণ মানুষের জীবন এখন ওষ্ঠাগত।’
নগরীর কৃত্রিম উত্তাপ ও অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নগরপরিকল্পনাবিদ স্থপতি নূরুল হাসান সাক্ষর বলেন, ‘আমাদের নগর পরিকল্পনায় মারাত্মক ত্রুটি রয়েছে। শহরে দিন দিন গাছপালা কমছে, আর তার জায়গা দখল করছে কাঁচ ঘেরা বহুতল ভবন। এই কাঁচের ভবনগুলো প্রচুর তাপ শোষণ করে। আবার ভেতরের কক্ষগুলো শীতল রাখতে মানুষ অবাধে এসি ব্যবহার করছে, যা বাইরের পরিবেশকে একটা জ্বলন্ত চুল্লিতে রূপান্তর করছে। আমাদের গ্রিন আর্কিটেকচার বা পরিবেশবান্ধব ভবনের দিকে দ্রুত নজর দেয়া উচিত।’
এই সংকটের গভীরতা তুলে ধরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বরিশাল-এর সমন্বয়ক লিঙ্কন বায়েন বলেন, ‘প্রকৃতির ওপর মানুষের এই অত্যাচারই এখন আমাদের দিকে তেড়ে আসছে। এসিগুলো থেকে নির্গত ক্লোরোফ্লোরো কার্বন পরিবেশের ওজোন স্তরের মারাত্মক ক্ষতি করছে, একইসঙ্গে এই উত্তপ্ত বাতাস ঘনবসতিপূর্ণ এলাকায় আটকে থেকে তৈরি করছে ‘হিট আইল্যান্ড’। এ কারণে বাতাসে আর্দ্রতা ও গরমের অনুভূতি দুটোই তীব্র হচ্ছে।’
আবহাওয়া অধিদফতর বরিশাল অফিসের উচ্চপর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, ‘চলতি মাসে মৃদু তাপদাহ বইছে এবং মাসজুড়েই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে।’
এ দিকে আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, কৃত্রিম উত্তাপে প্রতি বছর বরিশালে গড় তাপমাত্রা বাড়ছে দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার