Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন
২৭ June ২০২৬ Saturday ১২:৫৭:১১ PM
মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ২০টি পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে মুলাদী প্রেসক্লাবের সামনে উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব ষোলঘর গ্রামের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।
‘পূর্ব ষোলঘর ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জয়নাল আবেদীন কারাগারে যাওয়ার পর তাঁরা বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন। তাঁদের হাতে থাকা ব্যানার-ফেস্টুনে জয়নাল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে কুদ্দুস আকন অভিযোগ করেন, জয়নাল আবেদীন নিরীহ মানুষের জমি দখল, মিথ্যা মামলা এবং এলাকায় মাদক বিস্তারের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তাঁর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই মামলা ও হামলার শিকার হতে হয় বলেও দাবি করেন তিনি।
ফাতেমা বেগম বলেন, তাঁর স্বামী নয়ন হাওলাদারের বিরুদ্ধে জয়নাল আবেদীন অন্তত ৯টি মিথ্যা মামলা করেছেন। এসব মামলার কারণে তাঁদের বাড়িঘরও দখল হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
লালচান আকন বলেন, তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তাঁর দাবি, ৬০ লাখ টাকা ধার নেওয়ার ভুয়া স্ট্যাম্প তৈরি করে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
কুলসুম আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামী আব্দুল খালেক আকনের কেনা জমি জোরপূর্বক দখল করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসের উদ্যোগ নেওয়ার পর তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৬টি মামলা করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদীনের স্ত্রী নাছরিন আক্তার। তিনি বলেন, তাঁর স্বামী কেন্দ্রীয় প্রজন্ম লীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মানববন্ধনে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সঠিক নয় বলে দাবি করেন তিনি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, জয়নাল আবেদীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মানববন্ধনে করা অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী