Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৫:১৯ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৃদ্ধের জমির ধানের চারা তুলে ফেললেন আ.লীগ নেতা
৭ July ২০২৬ Tuesday ১২:১২:৪৪ PM
Print this E-mail this

আমতলীতে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৃদ্ধের জমির ধানের চারা তুলে ফেললেন আ.লীগ নেতা


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আদালতের নির্দেশে জমির দখল ফিরে পেয়েছিলেন বরগুনার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের অহেদ মুসুল্লী। সেই জমি চাষ করে তিনি ধানের চারাও রোপণ করেন। কিন্তু পরদিন সকালে গিয়ে দেখতে পান রাতের আঁধারে তুলে ফেলা হয়েছে সেই ধানের চারা। অভিযোগ উঠেছে, গুলিশাখালী ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আলতাফ আকন, সেলিম আকন ও তাদের লোকজন এ কাজ করেছেন। প্রতিবাদ করায় তারা জমির মালিক বৃদ্ধ অহেদ মুসুল্লী ও তার লোকজনকে দুই দিন নিজ নিজ বাড়িতে আটকে রাখেন। এ ঘটনায় গতকাল রোববার রাতে আমতলী থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী পক্ষের ভাষ্য, পশ্চিম কলাগাছিয়া গ্রামের অহেদ মুসুল্লী ও তার চার ভাই পৈত্রিক সূত্রে ৪.১৫ শতাংশ জমির মালিক। তারা দাবি করেন, ওই জমি শত বছর ধরে তারা ভোগদখল করে আসছেন।

অহেদ মুসুল্লীর অভিযোগ, ২০২১ সালে গুলিশাখালী ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আলতাফ আকন, সেলিম আকন, খবির আকন ও দেলোয়ার আকন সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক জমিটি দখল করেন। পরে তিনি বরগুনা জজ আদালতে মামলা দায়ের করেন।

অহেদ মুসুল্লী বলেন, মামলায় তাদের পক্ষে রায় হলেও আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ জমি ভোগদখল করতে থাকে। গত বৃহস্পতিবার বরগুনা জজ আদালতের বিচারক জমিটি অহেদ মুসুল্লীদের চাষাবাদের নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে গত শুক্রবার জমিতে চাষাবাদ শেষে ধানের চারা রোপণ করা হয়।

অভিযোগে বলা হয়, শুক্রবার রাতেই আলতাফ আকন ও তার লোকজন রোপণ করা ধানের চারা তুলে ফেলেন। শনিবার সকালে বিষয়টি দেখে অহেদ মুসুল্লীর লোকজন প্রতিবাদ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়। 

অহেদ মুসুল্লীর আরও অভিযোগ, প্রতিপক্ষের লোকজন গত দুই দিন ধরে তাদেরকে নিজ বাড়িতে জিম্মি করে রাখেন এবং বাইরে বের হলে মেরে ফেলার হুমকি দেন। পরে গতকাল রোববার রাতে অহেদ মুসুল্লীর ভাই ছালাম মুসুল্লী পালিয়ে গিয়ে আমতলী থানায় অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, অহেদ মুসুল্লীর জমি সেলিম আকন, আলতাফ আকন ও তাদের লোকজন জোরপূর্বক দখল করে গত পাঁচ বছর ধরে ভোগদখল করে আসছেন। আদালতের আদেশ পাওয়ার পর গত শুক্রবার অহেদ মুসুল্লীর লোকজন সেখানে চাষাবাদ করে ধানের চারা রোপণ করেন। পরে রাতের আঁধারে সেই চারা তুলে ফেলা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে আলতাফ আকন বলেন, `ওই জমি আমাদের। আমাদের জমি আমরা চাষাবাদ করেছি।’ আদালতের আদেশের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, `অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com