Home » আমতলী » বরগুনা » জমিসংক্রান্ত জের: বৃষ্টিতে ভিজে ঘণ্টাখানেক আর্তনাদের পরও মাকে ঘরে জায়গা দেননি ইসলামী আন্দোলনের নেতা
২৫ July ২০২৬ Saturday ১১:১৮:০৬ PM
জমিসংক্রান্ত জের: বৃষ্টিতে ভিজে ঘণ্টাখানেক আর্তনাদের পরও মাকে ঘরে জায়গা দেননি ইসলামী আন্দোলনের নেতা
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে আমতলী পৌর শহরের লোচা গ্রামে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ছেলে হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।
ভুক্তভোগী ৮০ বছরের শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধ আনোয়ারা বেগমের অভিযোগ, বের করে দেওয়ার পর ঘরের সামনে ঘণ্টাখানেক তিনি বৃষ্টিতে ভিজে আকুতি-মিনতি করলেও তাঁর ছেলে ও পুত্রবধূ তাঁকে ঘরে জায়গা দেননি।
জানা গেছে, আনোয়ারা বেগমের স্বামী আবুল হাসেম হাওলাদার ২০০৫ সালে মারা যান। ২০০৭ সালে তিনি পাঁচ ছেলের নামে জমিজমা লিখে দেন। এরপর থেকে ছেলেরা পর্যায়ক্রমে তাঁর ভরণপোষণ দেন। আজ দুপুরে ভাগ-বাঁটোয়ারা না হওয়া কিছু জমি নিজের নামে লিখে দিতে বলেন চতুর্থ ছেলে হেলাল হাওলাদার। এতে আনোয়ারা বেগম অস্বীকৃতি জানালে হেলাল ক্ষিপ্ত হয়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। আনোয়ারা বেগম ঘরের সামনে ঘণ্টাখানেক বৃষ্টিতে ভিজে অনুনয়-বিনয় করলেও তাঁকে ঘরে জায়গা দেননি হেলাল ও তাঁর স্ত্রী। পরে খবর পেয়ে আনোয়ারা বেগমের ভাতিজা আবু সালেহ মুছা তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
আবু ছালেহ মুছা বলেন, ‘আমার ফুফু তাঁর পাঁচ ছেলেকে জমি লিখে দিয়েছেন। কিছু জমি এখনো ভাগ-বাঁটোয়ারা হয়নি। সেই জমি হেলাল তাঁকে লিখে দিতে বলেন। কিন্তু ফুফু রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হেলাল তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন।’
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হেলাল হাওলাদার। তিনি বলেন, ‘রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। তাই আমার বিরুদ্ধে অন্য চার ভাই ও মামারা মিলে মিথ্যা অভিযোগ এনেছেন।’
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বলেন, ‘মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সত্যতা পেলে হেলালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ