বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের মধ্য লেমুয়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম।
নিহত পিয়ারা বেগম ওই এলাকার মৃত আজাহার পেদার মেয়ে এবং মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন একই বাড়ির আ. সালাম মাতুব্বরের বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে আল আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন তাঁকে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন পিয়ারা বেগম।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত আল আমিনের ছোট ভাই রুহুল আমিন অভিযোগ করেন, তাঁর ভাই নেশাগ্রস্ত। আগেও তাঁদের বাবা-মাকে একাধিকবার মারধর করেছেন। আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত আল আমিনকে আটক করতে ঘটনাস্থলেও পুলিশের একটি দল পাঠানো হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার সময় আল আমিন নেশাগ্রস্ত ছিলেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা