Home » কলাপাড়া » পটুয়াখালী » পটুয়াখালীতে এআই দিয়ে ডিসির ছবি বদলে নিজের ছবি পোস্ট, ‘ভুলের’ ক্ষমা চাইলেন তরুণী
১৯ September ২০২৬ Saturday ১:২৫:৩৫ PM
পটুয়াখালীতে এআই দিয়ে ডিসির ছবি বদলে নিজের ছবি পোস্ট, ‘ভুলের’ ক্ষমা চাইলেন তরুণী
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত সেলাই মেশিন বিতরণের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করে নিজের ছবি যুক্ত করে প্রচারের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি পোস্টটি মুছে দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
সম্প্রতি জেলা প্রশাসনের ‘ডিসি পটুয়াখালী’ ফেসবুক পেজে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সেলাই মেশিন বিতরণের একটি ছবি প্রকাশ করা হয়। পরে কলাপাড়ার নুসরাত সিমা নামের এক নারী ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে জেলা প্রশাসকের জায়গায় নিজের ছবি যুক্ত করেন। এরপর পরিবর্তিত ছবিটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নুসরাত সিমা পোস্টটি সরিয়ে নেন। পরে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলেও অঙ্গীকার করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে সহজেই ছবি ও বিভিন্ন তথ্য পরিবর্তন করা সম্ভব। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা তথ্য দেখেই তা সত্য ধরে নেওয়া উচিত নয়। শেয়ার করার আগে এর উৎস ও সত্যতা যাচাই করতে হবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করতে ও এআইয়ের মাধ্যমে তৈরি বা পরিবর্তিত ছবি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা