Home » বরিশাল » বরিশাল সদর » আমদানি বেশি হলেও নিষেধাজ্ঞার আগের দিন নাগালের বাইরে দাম
৭ October ২০২৬ Wednesday ৪:১৪:৪০ PM
আমদানি বেশি হলেও নিষেধাজ্ঞার আগের দিন নাগালের বাইরে দাম
নগর প্রতিনিধি:
২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও নদী থেকে মাছ নিয়ে একের পর এক ট্রলার ঘাটে ফিরলেও বাজারে ইলিশের দাম রয়েছে ক্রেতাদের নাগালের বাইরে।
নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে শেষ মুহূর্তে মাছ বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন জেলে ও ব্যবসায়ীরা।
বুধবার (৭ অক্টোবর) পাথরঘাটা বিএফডিসি ঘাটে গিয়ে দেখা যায়, মাছ নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ট্রলার।ঘাটে ইলিশের আমদানি বেশি হলেও আকার ও ধরনভেদে দাম বেশ চড়া।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর সমুদ্রের ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের বড় ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়।মাঝারি আকারের ইলিশের দাম ৪০ থেকে ৪৫ হাজার টাকা এবং ছোট ইলিশ বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ হাজার টাকায়।
অন্যদিকে স্থানীয় বা ‘লোকাল’ ইলিশের দাম আরও বেশি।এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি মণ ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা, ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টাকা এবং মাঝারি আকারের ইলিশ ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের লোকাল ইলিশের দাম ২৮ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
মেসার্স মক্কা ফিসের স্বত্বাধিকারী মহিউদ্দিন হিরু বলেন, মাছের দাম খুব বেশি। শেষ মুহূর্তে স্বাভাবিক মাছের দাম কম থাকে কিন্তু এখন চড়া বাজার চলছে। তার ভাষ্য, নিষেধাজ্ঞা শুরুর আগে ঘাটে মাছের আমদানি বেড়েছে। তবে সরবরাহ বেশি থাকলেও দাম কমেনি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মঙ্গলবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত প্রায় ৫০০ ট্রলার ঘাটে এসেছে। প্রতিটি ট্রলারেই কমবেশি মাছ ধরা পড়েছে। তবে মাছের দাম চড়া। সচরাচর এ সময়টা মাছের দাম অনেকটা কম থাকে। এ বছর ব্যতিক্রম।
জানা গেছে, পাথরঘাটা বিএফডিসি ঘাটে মাছ নিয়ে কমপক্ষে ৫০০টি ট্রলার এসেছে। এর মধ্যে ২০০ ও ৩০০ দুই দফায় ট্রলার এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিষেধাজ্ঞা শুরুর আগের দিন ঘাটে মাছের বেচাকেনা জমে উঠেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বুধবার রাত ১২টা পর্যন্ত বাজার চলবে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে জেলেরা তাদের আহরিত মাছ বিক্রি করে ঘাট ছাড়বেন।
আগামী ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় সাগর ও নদীতে মাছ ধরার কার্যক্রম বন্ধ থাকবে। ফলে উপকূলীয় এলাকার হাজারো জেলে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
নিষেধাজ্ঞার আগে ঘাটে মাছের সরবরাহ বাড়লেও ইলিশের উচ্চমূল্য নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। অন্যদিকে জেলেদের কাছে এই সময়টিই মাছ বিক্রি করে নিষেধাজ্ঞার আগে আয় নিশ্চিত করার শেষ সুযোগ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি