অশ্লীল প্রস্তাবের বিড়ম্বনায় অমৃতা
বিনোদন ডেস্ক :: রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকদের নজর কেড়েছিলেন অমৃতা খান। তবে সংস্কৃতিজগতে তার আগমন নৃত্য দিয়ে। আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক নীরবের সাথে অমৃতার প্রথম চলচ্চিত্র গেইম। কাজ করছেন প্রয়াত অভিনেতা সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমী অভিনীত জনপ্রিয় বাংলা ছবি ‘অন্তরে অন্তরে’ এর রিমেকে।
সবমিলিয়ে নবাগত নায়িকা হিসেবে বেশ ভাল অবস্থানেই আছেন তিনি। কিন্তু এতকিছুর পরেও সকলের অগোচরে অমৃতার কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে। কিছু পরিচালক-প্রযোজকের আচরণে রীতিমত অতিষ্ট তিনি।
অমৃতা অভিযোগ করেন, কয়েকজন পরিচালক প্রযোজক তাকে বাজে প্রস্তাব দিয়েছেন। একারণে তিনি অনেকগুলো চলচ্চিত্রে কাজ করার অফার ফিরিয়ে দিয়েছেন। তেত্রিশ মিলিমিটারে তিনি আর কাজ করবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। এখন শুধু ডিজিটাল চলচ্চিত্রে দেখা যাবে তাকে।
প্রতিনিয়ত নতুন ছবির অফার পাচ্ছেন তিনি। কিন্তু এসব চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবের পাশাপশি বিড়ম্বনাও উপহার (!) দিচ্ছেন পরিচালক প্রযোজকরা।
এ প্রসঙ্গে অমৃতা খান বলেন, ‘আমি সুস্থধারার ভালো ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই। ডিজটাল ফরমেটের চলচ্চিত্র ছাড়া পুরনো ফরমেটের চলচ্চিত্রে কাজ করতে চাই না। তাই পরিচালকদের প্রতি অনুরোধ পুরনো ফরমেটের চলচ্চিত্রের জন্য অনুরোধ নিয়ে আসবেন না। এছাড়াও আমাকে কিন্তু নতুন নায়িকা হিসেবে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বারবার। পরিচালক প্রযোজকরা আমাকে চলচ্চিত্রে কাস্টিংয়ের বিনিময়ে বাজে অফার করছেন। আমি সেসব কাজ ফিরিয়ে দিচ্ছি এবং বিব্রত হচ্ছি। তাই আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের অফার নিয়ে আমার কাছে কেউ আসবেন না। এবং চলচ্চিত্রে কাজ করতে আসা নায়িকাদের এ ধরনের প্রস্তাব যারা করেন তাদের সেসব হীন মানসিকতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
এ কারণে কিছুদিন একটি প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্রের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন অমৃতা খান।
প্রসঙ্গত, টাঙ্গাইলের মেয়ে অমৃতা খান মাত্র তিন বছর বয়সে নাচ শেখা শুরু করেন বাফাতে। শেষ করেন নৃত্যবিষয়ক সার্টিফিকেট কোর্স। নৃত্যশিল্পী হিসেবেই অমৃতা বিটিভির ‘সমারোহ’ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে টিভি মিডিয়ায় পা রাখেন। মডেলিংয়ে তার হাতেখড়ি হয় আফজাল হোসেন নির্মিত ‘অ্যারামিট স্যান্ডেল’-এর বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর তিনি প্রাণ মি. নুডুলস, পাওয়ার ভয়েস, প্রাণ এর ‘ও মাই গড’ অফার প্রভৃতি বিজ্ঞাপন করেছেন। বর্তমানে অমৃতা শুটিং করছেন নব্বই দশকের বহুল আলোচিত ছবি ‘অন্তরে অন্তরে‘-এর নতুন রিমেকে। তরুণ নির্মাতা আতিক রহমানের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নীরব। ছবিটির বেশ কিছু অংশের কাজ শেষ হয়েছে।
|