‘চিকনি চামেলি’র জন্য গাড়ি উপহার পেলেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক :: ‘অগ্নিপথ’ ছবির ‘চিকনি চামেলি’ গানের মাধ্যমে দর্শক হৃদয় তো মাত করেছেনই, সেই সঙ্গে ছবির প্রযোজক করন জোহরের মনও জিতে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। এ জন্যই তো কয়েক কোটি রুপি খরচ করে ‘চিকনি’কে (ক্যাটরিনা কাইফ) একটি চকচকে ফেরারি গাড়ি উপহার দিয়েছেন ‘অগ্নিপথ’ ছবির প্রযোজক করণ জোহর। খবর মুম্বাই মিরর-এর।
‘চিকনি চামেলি’ গানটিতে ক্যাটরিনার অনবদ্য নাচ ইতোমধ্যেই বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। করণ নিজেও গানটিতে ক্যাটের পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট। তিনি আরো বেশি সন্তুষ্ট এই কারণে যে, গানটিতে পারফর্মেন্সের বিনিময়ে কোনো পারিশ্রমিক নেননি ক্যাট। আর এর প্রতিদান হিসেবেই এবারে তাকে ফেরারি উপহার দিলেন করণ।
‘চিকনি চামেলি’ গানটিতে ক্যাটরিনার পারফরমেন্সের ব্যাপারে করন বলেন, ‘এই গানে ক্যাট যে পরিশ্রম করেছে তা কোটি টাকা দিয়েও শোধ করা যাবে না। তাই তার পরিশ্রমকে সম্মান জানাতেই আমি এ ক্ষুদ্র উপহারটি দিয়েছি।’ জানা গেছে, বর্তমানে করনের এ ক্ষুদ্র উপহারের বাজার দর দুই কোটি ২৫ লাখ রুপি। খুব তাড়াতাড়িই করণ গাড়িটি তুলে দেবেন তার প্রিয় ‘চিকনি চামেলি’র হাতে।
|