নিজেকে পরিপূর্ণ মনে হয়, যখন পর্দায় নিজেকে দেখিঃ প্রভা
বিনোদন ডেস্ক :: দীর্ঘ ২ বছরের বিরতির পর সম্প্রতি আবারো অভিনয় জগতে ফিরেছেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মাঝে ব্যক্তিগত কিছু সমস্যা ও অনাকাঙ্ক্ষিত কিছু ভুলের কারনে নিজেকে অভিনয় জগত থেকে গুটিয়ে নিয়েছিলেন লাবণ্যময়ী এ অভিনেত্রী। এতদিন অনেকটা সেচ্ছা নির্বাসনে গিয়ে নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন তিনি। জীবনের কালো অধ্যায়ের সেই দিনগুলো ভুলে স্বামী মাহমুদ শান্ত’র প্রেরণায় আবারো স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন প্রভা।
নতুন করে অভিনয়ে ফেরা সম্পর্কে প্রভা বলেন, ‘অনেক ভালো লাগছে আবারো অভিনয়ে ফিরতে পেরে। নতুন করে শুধু ক্যারিয়ার নয়, নতুন করে আমি জীবন শুরু করেছি বলতে পারেন। ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময়টাতে আমার জীবনের সবকিছুই এলোমেলো হয়ে যায়। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাই জানেন। প্রায় দুই বছর আমি মিডিয়ার বাইরে ছিলাম। সত্যি বলতে কি, অভিনয় আমার রক্তে মিশে গেছে। অভিনয় থেকে নিজেকে কখনো সরিয়ে নেব, তা কখনো চিন্তাও করি নি। অভিনয় আমার স্পৃহা। নিজেকে পরিপূর্ণ মনে হয় যখন পর্দায় নিজেকে দেখি। লম্বা বিরতির পর আবারো নিজের স্পৃহা মেটাতে অভিনয়ে ফিরে আসা। কিছুদিন হলো কাজ শুরুর কথা সিরিয়াসলি ভাবছিলাম। কিন্তু তা হয়ে ওঠেনি নানা কারণে। অবশেষে আবারও অভিনয়ে ফিরলাম কায়সার আহমেদের পরিচালনায় ও রিজওয়ান খানের রচনায় ‘প্রণয়িনী’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। আমার বিপরীতে এ নাটকে রয়েছেন আনিসুর রহমান মিলন।’
বহুদিন পর নাটকের শুটিংয়ে অংশ নেয়ার পরও সবার সাথে মানিয়ে নিতে কোন সমস্যা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, নাটকের শুটিংয়ের সময় কো-আর্টিস্ট, ডিরেক্টর, ক্যামেরাম্যান এমন কী প্রোডাকশন বয় – সবাই সহযোগিতার হাত বাড়িয়েছেন। সবার সহযোগিতা পেয়েছি বলেই আগের মতো সহজভাবে শুটিংয়ে অংশ নিতে পারছি।
পরিবারের অনুপ্রেরণা থেকেই তার মিডিয়ায় আসা জানিয়ে প্রভা বলেন, ‘আবার নতুন করে ক্যারিয়ার শুরু করতে পরিবারই আমাকে অনুপ্রাণিত করেছে। এবার যোগ হয়েছে আমার নতুন পরিবারের অনুপ্রেরণাও। সবচেয়ে বেশি আমাকে উৎসাহিত করেছে আমার বর শান্ত। আমাকে অনেক বোঝে শান্ত। অভিনয় ছাড়া নিজেকে আমি হারিয়েই ফেলেছিলাম। সবার আগে এটা উপলব্ধি করে শান্ত। তার কাছ থেকেই আমি কাজে ফেরার মনোবল পেয়েছি। আমার শ্বশুর-শাশুড়ির কথাও উল্লেখ করতে হয়। অভিনয় শুরু করার জন্য তারা বার বার আমাকে তাগিদ দিয়েছে। অভিনয়ে ফিরতে পারায় তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
আপাতত মডেলিংয়ের ব্যাপারে ভাবছেন না জানিয়ে তিনি বলেন, ‘মডেলিংয়ে এখন অনেক নতুন মুখ আসছে। তারা অনেক ভালো করছে। মডেলিংয়ে দর্শকরা নতুনদেরই বেশি উপভোগ করে। আমার ক্যারিয়ারের শুরুটা ছিল মডেলিং দিয়ে। তবে মডেলিংয়ের চেয়ে নিয়মিত অভিনয় করে যাওয়ার আগ্রহটাই আমার ভেতরে এখন বেশি কাজ করছে।’
অভিনয়ে নিয়মিত হবার ইচ্ছের কথা জানিয়ে তিনি বলেন, ‘শুরু যখন করেছি, অভিনয়ে নিয়মিত হবো। তবে অনেক বেশি কাজ হয়তো করা হবে না। বেছে বেছে ভালো কাজগুলো করার চেষ্টা করবো। ক্যারিয়ারের শুরু থেকেই আমি অবশ্য বেছে বেছে ভালো কাজগুলো করতাম। এখনও তাই, কম হলেও ভালো কাজ করতে চাই। যা দর্শকরা মনে রাখবেন। যেমন আমার ক্যারিয়ারের একদম প্রথমে মেরিল বিউটি সোপের বিজ্ঞাপন করেছিলাম, এটি এখনো দর্শকদের মনে আছে। এমনই কিছু ভালো কাজ করার ইচ্ছে আছে।’
বর্তমানে কোন কোন নাটকে কাজ করছেন এমন প্রশ্নের জবাবে প্রভা জানালেন, ‘কায়সার আহমেদের পরিচালনায় ও রিজওয়ান খান রচনায় ‘প্রণয়িনী’ নাটকের শুটিংয়ে অংশ নিলাম। উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং হয়েছে। আমার বিপরীতে এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। নাটকের গল্পে দেখা যাবে যে, মিলন ভাই এলোমেলো স্বভাবের মানুষ। সব সময়ই তিনি শিশুসুলভ আচরণ করেন। বাস্তবতার বাইরে এক অলীক ভুবনে তার বাস। তাকে ভালো করে তোলার সব দায়িত্ব পড়ে আমার উপর। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। নাটকটি একুশে টিভিতে প্রচার হতে পারে। আরো বেশ কয়েকটা নাটকে আগামীতে কাজ করবো। এই মাসেই সালাউদ্দিন লাভলুর ‘নয়াপালা’ নাটকে অভিনয় করবো। সালাউদ্দিন লাভলুর নাটকে অভিনয়ের জন্যে সবসময়ই আমি ভীষণ অস্থির থাকি। খুব ভালো লাগে তার সঙ্গে কাজ করতে। এছাড়াও মোহন খানের ‘দুজনে একা’ আর হিমু আকরামের ‘কঙ্কাবতীর চিঠি’ নাটকে অভিনয়ের সবকিছু চূড়ান্ত হয়েছে। এর সবগুলোই একক নাটক।’
|