বরগুনায় গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
বরগুনা, ১১ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বরগুনার আমতলী উপজেলায় নয়া ফরাজি (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ১০ এপ্রিল মঙ্গলবার রাতে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গরু ব্যবসায়ী নয়া ফরাজি ১০ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে আমতলী থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের শহীদুলের নেতৃত্বে ৫/৬ জন তাকে রাস্তা থেকে তুলে স্থানীয় শহীদুল চৌকিদারের ঘরে নিয়ে যায়। এরপর তার মুখে কাপড় ঢুকিয়ে বেদম মারপিট করে। খবর পেয়ে তার স্ত্রী নুরনাহার বেগম স্বামীকে উদ্ধারের জন্য ছুটে গেলে তাকেও মারপিট করে তাড়িয়ে দেয়া হয়। পরে ইউপি সদস্য মজনু মৃধাকে সংবাদ দেওয়া হলে তিনি নয়া ফরাজিকে রাত ৩টায় মুমুর্ষ অবস্থায় শহীদুল চৌকিদারের বাড়ি থেকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেন। ১১ এপ্রিল বুধবার সকালে হাসপাতালে সে মারা যায়।
এ ব্যাপারে নিহতের বড় ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে শহীদুল চৌকিদারকে প্রধান আসামী করে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছ।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |