দশমিনায় গ্রেপ্তার আতঙ্কে যুবদল-ছাত্রদল কর্মীরা ত্রলাকা ছাড়া
দশমিনা, ২৪ এপ্রিল (কামরুল সোহাগ/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশের হয়রানী ও গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন যুবদল-ছাত্রদল কর্মীরা। বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিএনপি আহুত হরতালের প্রথম দু’দিনের সহিংসতার ঘটনায় দায়ের করা দু’মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৪৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৫০/৬৫ জনকে আসামী করা হয়। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে।
জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলায় গত দু’দিনে অনেকটা স্বতঃফুর্তভাবে বিএনপি ঘোষিত হরতাল পালিত হয়। এসময় হরতালের পক্ষে বিপক্ষে আওয়ামীলীগ-বিএনপি’র নেতাকর্মীদের অবস্থান ছিল মুখোমুখি। হামলা-সংঘর্ষে অর্ধশাতাধিক দোকান-পাটসহ বিএনপি অফিস ভাংচুর করে সরকার সমর্থকরা। উভয়পক্ষে আহত হয় ২৫/৩০ জনসহ দুই পুলিশ সদস্য। হরতালের প্রথম দিনে পুলিশের কাজে বাঁধা দেয়ায় উপ-পরিদর্শক (এস,আই) হাসনাইন পারভেজ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান বাদল ও ১০ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩০/৪০ জন আসামী করা হয়।
উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারে হরতালের ২য় দিনে হরতালের পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিলের সময় আওয়ামীলীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়। ঐ দিন রাতে আহত যুবলীগ নেতা মিল্টনের পিতা হাফেজ আহাম্মেদ হাওলাদার বাদী হয়ে বিএনপি’র ৩৮ নেতাকর্মী ও অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ এখন পর্যন্ত প্রথম মামলায় ৭ জন ও ১৫১ ধারায় ৬ বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার করেছে। রাতে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িতে পুলিশের তল্লাশী ওট্রেপ্তার অভিযানে আতঙ্কিত হয়ে এলাকা ছেড়েছেন যুবদল-ছাত্রদল নেতাকর্মীরা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান সরকার দলীয় ক্যাডার ও পুলিশ একত্রে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বাড়িতে তল্লাশীর নামে হয়রানী করছে দাবী করে এর প্রতিবাদ জানান।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন বলেন, বিএনপি হরতালের নামে সারাদেশে নৈরাজ্য চালাচ্ছে। নিখোঁজ ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সরকার চেষ্টা চালাচ্ছে তবে বিএনপি এটিকে ইস্যু করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে।
–
(আমাদের বরিশাল ডটকম/দশমিনা/কাসো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |