সাংবাদিক মাইনুল হাসান ফাউন্ডেশন গঠন সংবাদ বিজ্ঞপ্তি
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালকে আহবায়ক করে ‘সাংবাদিক মাইনুল হাসান মেমোরিয়াল ফাউন্ডেশন’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু.জিয়াউল হক, আবিদ হোসেন বাবু, মু.ইসমাইল হোসেন নেগাবান, শাহীনা আজমীন,মুরাদ আহমেদ ও হুমায়ুন কবির।
‘সাংবাদিক মাইনুল হাসান মেমোরিয়াল ফাউন্ডেশন’ গঠন উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনে মেয়রের কার্যালয়ে শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র আহসান হাবিব কামাল।
মেয়র এ সময় বলেন, আমরা মাইনুল হাসানের মতো দৃঢ়চেতা ও সাহসী সাংবাদিক দেখতে চাই। সাংবাদিকতার অবক্ষয়ের এই সময়ে তাই তাকে স্মরণ করা অত্যন্ত জরুরী।
‘সাংবাদিক মাইনুল হাসান মেমোরিয়াল ফাউন্ডেশন’ সামাজিক কর্মকান্ডের পাশাপাশি সাংবাদিকদের নিয়েও কাজ করবে বলে জানান তিনি। সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু.জিয়াউল হককে আহবায়ক করে চার সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ, প্রখ্যাত সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বরিশালে দৈনিক ইত্তেফাক, বিবিসি, রয়টার্স ও চ্যানেল আই-এ কর্মরত ছিলেন।
|