Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:২৭ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » লঞ্চে লেগে ছিঁড়ল ৩৩ হাজার ভোল্টের তার, সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎহীন বরগুনা শহর
১ November ২০২৪ Friday ২:৫২:৫৮ PM
Print this E-mail this

লঞ্চে লেগে ছিঁড়ল ৩৩ হাজার ভোল্টের তার, সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎহীন বরগুনা শহর


বরগুনা প্রতিনিধি:

ঢাকা থেকে বরগুনাগামী ‘রাজারহাট-বি’ নামক একটি চলন্ত লঞ্চে লেগে বরগুনায় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে লঞ্চে থাকা যাত্রীরা নিরাপদে থাকলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বরগুনা শহর। ঘটনার পরপরই নদীবন্দরে থাকা বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা পৌরসভার খাকদোন নদীর ওপরে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিদ্যুৎ সঞ্চলন লাইন ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, খাকদোন নদীর ওপর থেকে অতিবাহিত ওজোপাডিকোর ওই সঞ্চালন লাইনটি বরগুনার বিদ্যুৎ সংযোগের মূল লাইন। দীর্ঘদিন দিন ধরেই এ লাইনটি উঁচুতে প্রতিস্থাপন করার জন্য বরগুনা নদীবন্দর বিদ্যুৎ সরবরাহের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিদ্যুৎ সংযোগের মূল লাইনের নিচ থেকেই বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চগুলো ঝুঁকি নিয়ে চলাচল করত।

বরগুনার নৌবন্দর সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসে ‘রাজারহাট-বি’ নামের লঞ্চটি। পরে বৃহস্পতিবার সকালে লঞ্চটি খাকদোন নদীতে বরগুনা ঘাটের কাছাকাছি পৌঁছালে নদীর ওপর বিদ্যুৎ সংযোগের মূল লাইনের সঙ্গে আটকে যায়। এ সময় লঞ্চের গতি কম থাকলে সংযোগ লাইনটি ছিঁড়ে যায়। তবে বৈদ্যুতিক সংযোগে অটো সার্কিট ব্রেকিং সিস্টেম চালু থাকায় লঞ্চের আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইনটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে এতে লঞ্চে থাকা কোনো যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিদ্যুৎ সরবরাহের মূল লাইনটি ছিঁড়ে যাওয়ায় বরগুনা শহরজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিকেল ৪টার দিকে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

রাজারহাট-বি লঞ্চের স্টাফ মো. সোহাগ বলেন, সকালে ঘাটে আসার সময় ঝুলে থাকা একটি বিদ্যুৎ লাইনে আটকে যায়। অটো সার্কিট থাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় কারও কোনো ক্ষতি হয়নি। তবে যদি লাইনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু থাকত তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

বরগুনা নদীবন্দরের দুলাল নামের এক স্টাফ বলেন, বিগত ৮ থেকে ৯ বছর ধরে জেলা প্রশাসনের প্রতিটি সভায় এই লাইনটি উঁচু করতে আলোচনা করা হয়েছে। কিন্তু তারপরও লাইনটির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, বরগুনা খাকদোন নদীর ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ সংযোগ লাইন ছিল। এ সংযোগ লাইনের নিচ থেকে লঞ্চটি যাওয়ার সময় লাইনে আটকে দুই পাড়ের খুঁটি ভেঙে তার ছিড়ে যায়। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। তবে এখানে একটি আধুনিক সিস্টেম চালু থাকায় লঞ্চ আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে এ ঘটনায় বড় ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বরগুনা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ইচ্ছেকৃত বা অনিচ্ছাকৃতভাবে যে ঘটনাটি ঘটেছে এতে আমাদের ৩৩ ও ১১ হাজার ভোল্টের দুটি মূল লাইনের তার ছিঁড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিকেলে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। এ ছাড়া সবকিছু তদারকি করা হচ্ছে।

বরগুনা নৌবন্দর কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নদীতে জোয়ারের পানি বেশি থাকায় লঞ্চটি বরগুনা ওজোপাডিকোর বিদ্যুৎ সঞ্চালন লাইনে আটকে যায়। এ সময় লঞ্চের গতি কম থাকলেও লাইনটি ছিঁড়ে পড়ে যায়। তবে বরগুনা নদীবন্দরে আগে-পরে যারা দায়িত্বে ছিলেন তারাসহ একাধিকবার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে চিঠি দিলেও এ লাইনটি সরিয়ে নেয়নি। ফলে আজকে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। তবে বিদ্যুৎ লাইনটিতে যদি দুর্ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ থাকত তাহলে লঞ্চে থাকা যাত্রীদের প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। বরগুনার বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এ লাইনটির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com