Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ইমাম–খতিব সমাবেশ“বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ” — ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
২ March ২০২৬ Monday ৭:১১:০৮ PM
বাউফলে ইমাম–খতিব সমাবেশ“বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ” — ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
বাউফলের সার্বিক সংস্কার ও সামাজিক পুনর্গঠনে ইমাম–খতিবদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, বাউফলকে সত্যিকার অর্থে সংস্কার করতে হলে এর কেন্দ্রবিন্দুতে ইমাম ও খতিবদের রাখতে হবে। সমাজ পরিবর্তনের প্রকৃত শক্তি হলো মসজিদভিত্তিক নৈতিক জাগরণ। সোমবার (২ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাউফল উপজেলা অডিটোরিয়ামে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ–সুপারদের নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মাসুদ বলেন, তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বাউফলে মাদক ও দুর্নীতি নির্মূলে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এসব সমস্যা দূর করতে সময় লাগবে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একজন মালী যেমন তার বাগান পরিচর্যায় প্রতিনিয়ত সচেতন থাকেন, তেমনি সমাজকে সুন্দর রাখতে বাউফলবাসীকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সমাজে সচেতনতা তৈরিতে ইমাম–খতিবদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগ্রত করা সম্ভব। মাদক নির্মূলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হবে। নিজেকে জনগণের সেবক উল্লেখ করে ড. মাসুদ বলেন, “আমি এমপি নই, আমি আপনাদের একজন সেবক। প্রকৃত এমপি হচ্ছেন বাউফলের সাড়ে চার লাখ জনগণ। আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়েই আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।” উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, ওলামা বিভাগ ও মসজিদ মিশনের উপজেলা সভাপতি অধ্যক্ষ কাজী আব্দুল দাইয়ান, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম আব্দুল হাই, ধান্দী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক আইউব বিন মুসা ও সুপার মোহাম্মদ ফারুক হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপার মো. নুরুন্নবী। সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম–খতিব, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ–সুপারসহ কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মসজিদভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)