আসন্ন ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা-বাউফল সড়কপথে যাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাউফল উপজেলার বগা এলাকায় ফেরি পারাপারের ধীরগতি ও সীমিত সংখ্যক ফেরি চলাচলের কারণে ঈদের আগে ও পরে যাত্রীদের দীর্ঘ ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা। ঢাকসহ দেশের অন্যনান্য এলাকা থেকে সড়ক পথে পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে লোহালিয়া নদীর ওপর বগা ফেরি পারাপার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাক এই ফেরিঘাট ব্যবহার করে থাকে। ফেরির সংখ্যা সীমিত হওয়ায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সূত্রে জানা গেছে, বর্তমানে বগা ফেরিঘাটে একটি ফেরি দিয়ে পারাপার কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনেক সময় গাড়ির চাপ অতিরিক্ত থাকায় ঘণ্টার পর ঘন্টা যানবাহন আটকে থাকতে দেখা যায়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ঢাকা থেকে বাউফলগামী যাত্রী ডা. মো আহসানুল ইসলাম বলেন, “বগা ফেরিতে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। ঈদের সময় গাড়ির সংখ্যা এমনিতেই বাড়ে। আগে থেকে ব্যবস্থা না নিলে যাত্রীদের অনেক কষ্ট করতে হবে।” একই কথা বলেন কয়েকজন পরিবহন শ্রমিকও। তারা জানান, ফেরি কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের পাশাপাশি পরিবহন ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েন। দ্রæত অতিরিক্ত ফেরি চালুর দাবি জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফিরেন। তখন বগা ফেরিঘাটে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে ফেরি পার হতে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এমন ঘটনাও আগের বছরগুলোতে দেখা গেছে। সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন বলেন, ঈদ সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অতিরিক্ত ফেরি চালুর বিষয়টি বিবেচনায় রাখা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)