Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১১:১৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » মেয়রের ভাই বলে কথা ! স্থগিত হল ৬ কোটি টাকার টেন্ডার
৪ April ২০১২ Wednesday ৭:৩০:২১ PM
Print this E-mail this

মেয়রের ভাই বলে কথা ! স্থগিত হল ৬ কোটি টাকার টেন্ডার


মামুন মাহমুদ

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে হুমকি ও গালিগালাজ করছেন বিসিসি মেয়র শওকত হোসেন হিরনের ছোট ভাই মোঃ মামুন মাহমুদ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরিশাল :: ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতার ছোট ভাইয়ের হুমকি ও নগ্ন হস্তক্ষেপে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৬ কোটি টাকার টেন্ডারের লটারী টানা তৃতীয়বারের মত বন্ধ হয়ে গেছে। আর বরিশালের এ প্রচণ্ড ক্ষমতাসীন ব্যক্তিটি হলেন বিসিসি মেয়র শওকত হোসেন হিরনের ছোট ভাই মোঃ মামুন মাহমুদ। ঘটনাস্থলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান ও র‌্যাব-পুলিশের পৃথক দুটি টিম উপস্থিত থাকলেও মামুনের দাপটে তারা ছিলেন অসহায়। ৪ এপ্রিল বুধবার বেলা ১১ টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে সিএমএমইউ কার্যালয়ে এ ঘটনা ঘটে। লটারী স্থগিতের ঘটনায় সাধারণ ঠিকাদারদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, আজ ৪ এপ্রিল বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৭২ টি গ্রুপ কাজের প্রায় ৬ কোটি টাকার কাজের টেন্ডারের লটারী হওয়ার নির্ধারিত দিন ছিল। সকাল ১০ টায় লটারী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকেই অফিসে আসতে শুরু করেন ঠিকাদাররা। এদিকে লটারি কার্যক্রম সম্পন্ন করতে নির্বাহী প্রকৌশলীর অনুরোধে আগে থেকেই বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসে উপস্থিত হন নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান ও র‌্যাব-পুলিশের পৃথক দুটি টিম। সকাল ১০ টায় শতাধিক ঠিকাদারের উপস্থিতিতে ৯ টি কাজের লটারি হয়ে গেলে দলবল নিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসে উপস্থিত হন বিসিসি মেয়র শওকত হোসেন হিরনের ছোট ভাই মোঃ মামুন মাহমুদ ও নগরীর আরেক বিতর্কিত যুবলীগ নেতা মেজবাহ উদ্দীন দিপু। এসময় তারা লটারী বন্ধ করে তাদের পছন্দমত লোককে টেন্ডার দিতে নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র সাহাকে নির্দেশ দেন। ঘটনাস্থলে র‌্যাব-পুলিশসহ ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান উপস্থিত থাকলেও তারা মেয়রের ভাইয়ের দাপটের কাছে ছিলেন অনেকটা অসহায়। এসময় লটারী বন্ধে নির্বাহী প্রকৌশলী তার অপারগতার কথা জানালে তাকে হুমকি দেয়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। উত্তেজনাকর পরিস্থিতির এক পর্যায়ে চাপের মুখে লটারি কার্যক্রম স্থগিত ঘোষনা করতে বাধ্য হন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র সাহা।

ঘটনাস্থলে উপস্থিত সাধারন ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে সুষ্ঠু সুন্দরভাবে লটারী হচ্ছিল। এসময় হটাৎ ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার ভাই তার ক্যাডার বাহিনী নিয়ে এসে নির্বাহি প্রকৌশলীকে গালিগালাজ করে লটারী বন্ধ করে দেন। তারা জানান, এখন বরিশালের কোন কাজই ক্ষমতাশালী এ ভাইকে ভাগ না দিয়ে পাওয়া সম্ভব না।

লটারী স্থগিত কেন হল সে ব্যাপারে নির্বাহি প্রকৌশলী দুলাল চন্দ্র সাহা কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, যারা লটারি বন্ধ করেছে তারা নিজেরা সরাসরি এই টেন্ডার পক্রিয়ায় অংশ নেননি। নিজেদের পছন্দের লোককে কাজ পাইয়ে দিতেই তারা লটারি বন্ধ করতে বাধ্য করেন। তবে এই ‘তারা’ কারা তা তিনি জানাননি। তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলেই পুনরায় লটারীর কার্যক্রম শুরু করা হবে।

এ বিষয়ে মেয়রের ভাই মামুন মাহমুদের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায় নি।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এর বেশী কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, বরিশাল বিভাগের বিভাগের ছয় জেলায় ৭২ টি স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য চলতি বছরের ১১ জানুয়ারি দরপত্র আহবান করা হয়। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় ছয় কোটি টাকা। দরপত্র জমাদানের নির্ধারিত তারিখ ৯ ফেব্রুয়ারী পর্যন্ত ৭২ টি কাজের বিপরীতে দরপত্র জমা পড়ে মোট এক হাজার ৭৭৬টি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল বিভাগীয় অফিস নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে কাজ বন্টনের উদ্যোগ নেয় এবং পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমে ১১ মার্চ লটারির তারিখ নির্ধারন করা হয়। ১১ মার্চ সকাল ১০টায় লটারির কার্যক্রম শুরু হলে মেয়রের ভাই মামুন মাহমুদ তার পছন্দমত ব্যক্তিকে টেন্ডার দিয়ে দিতে বলেন। নির্বাহী প্রকৌশলী এতে অপারগতা প্রকাশ করলে মামুন তাকে ২১ মার্চ প্রধানমন্ত্রীর বরিশাল সফরের পর লটারী আয়োজনের দাবী জানান। তার দাবী অনুযায়ী ২৫ মার্চ পুনরায় লটারির আহবান করেন নির্বাহী প্রকৌশলী। কিন্তু নির্ধারিত তারিখের আগেই প্রভাবশালী মহলের চাপে আবারো লটারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করতে বাধ্য হন নির্বাহী প্রকৌশলী। এর পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী জাতীয় পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে ৪ এপ্রিল তৃতীয়বারের মত লটারির তারিখ ঘোষনা করেন।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com