Home » তজুমদ্দিন » ভোলা » ভোলায় ডাক্তারের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
২ April ২০২৪ Tuesday ৭:৪৯:১৮ PM
ভোলায় ডাক্তারের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে রেণু বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে এ মৃত্যুর পেছনে ডাক্তারের চিকিৎসা অবহেলা রয়েছে বলে অভিযোগ করেছেন মৃতের স্বজনরা।
সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম রেণু বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রেণু বেগম তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিন ইউনিয়নের সোনাপুর গ্রামের দিনমজুর রতন মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন।
স্বজনরা জানান, বেশকিছু দিন ধরে রেণু বেগম অসুস্থ ছিলেন। সোমবার সকালে ভুলবশত তিনি ঘরে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে তাকে সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে স্বজনরা তাকে দুপুরের দিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিবলী সাদিক আল-ইসলাম রোগী দেখে তাকে ৭টি টেস্ট করাতে বলেন। পরে স্বজনরা শহরের একটি বে-সরকারী ডায়াগনস্টিক সেন্টারে সবগুলো টেস্ট করান। টেস্ট ব্যতীত রোগীকে আর কোনো চিকিৎসা দেওয়া হয়নি। স্বজনরা বলছেন, রোগীকে টেস্টের নামে সময়ক্ষেপণ করেন চিকিৎসক। টেস্ট ব্যতীত কোনো চিকিৎসা না দেওয়ায় রেণু বেগমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিবলী সাদিক আল ইসলাম বলেন, রোগীকে যেকটি টেস্ট দেয়া হয়েছে। প্রতিটি টেস্ট ভালো এসেছে। রোগীর অবস্থাও ভালো ছিল। এর চেয়ে বেশি কিছু বলার নেই।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বলেন, এ ঘটনায় এখনো মৃত রেণু বেগমের স্বজনরা থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার