Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরের পুটিয়াখালি বাজারে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা
২৭ July ২০২৫ Sunday ১:১৯:৫১ PM
রাজাপুরের পুটিয়াখালি বাজারে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা
রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালি মিরের হাট বাজারের মাঝের গলির শুরুতেই সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। বিশেষ করে মামনি ক্লথ স্টোর থেকে শুরু করে হযরতের সবজি দোকান, পানবাজার, বেপারী টেইলার্স, শিকদার স্টোর, মৃধা এন্টারপ্রাইজ, কুদ্দুসের দোকান ও মদিনা টেইলার্স পর্যন্ত প্রতিটি দোকানের সামনেই পানি জমে থাকে দীর্ঘক্ষণ।
দোকানদাররা জানান, একটু বৃষ্টি হলেই দোকানের সামনে হাঁটু পানি জমে যায়। এতে ক্রেতারা আসতে চান না, আর যারা আসেন তারাও চরম ভোগান্তির শিকার হন। বিক্রিবাট্টা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।
পথচারীরা জানান, এই সড়কে চলাচল এখন দুঃস্বপ্ন। এক পাশ থেকে অন্য পাশে যেতে হলে ভিজে কাদায় নেমে চলতে হয়। এর ফলে শিক্ষার্থী, বৃদ্ধ, রোগীসহ সব শ্রেণির মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের নজরে পড়েনি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে এই এলাকার ব্যবসা-বাণিজ্য পুরোপুরি অচল হয়ে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি এলাকাবাসীর জোর দাবি, দ্রুত ড্রেন নির্মাণ ও রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, যাতে জলাবদ্ধতা থেকে রেহাই পায় পুটিয়াখালি মিরের হাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী