বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে আইনজীবীদের হট্টগোলের ঘটনা ঘটেছে। এসময় আদালতের এজলাসের সামনে থাকা বেঞ্চ ও কিছু আসবাবপত্র এলোমেলো করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী মোবাইলফোনে জানান, আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরের প্রতিবাদে এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে সকাল থেকে জেলা আইনজীবী সমিতির নেতারা চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত বর্জন করেন। কিন্তু দুপুরে এজলাসের কার্যক্রম শুরু হলে আইনজীবীরা তাতে বাধা দেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।
বিকেল ৪টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি চেয়ার এলোমেলো অবস্থায় রয়েছে। মাইক মেঝেতে পড়ে রয়েছে।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ বলেন, আদালত বর্জন করা অবস্থায় এজলাস শুরু করতে চাইলে আমরা তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করি। এরপরে তারা কর্যক্রম বন্ধ করে চলে যান।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল ইসলাম বলেন, তারা আইনজীবীদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত বলতে পারবেন।
তবে এ বিষয়ে আদালত সংশ্লিষ্ট কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)