Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় টিকটক করতে গিয়ে ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু
৫ March ২০২৬ Thursday ৯:৩৮:৫৯ PM
আগৈলঝাড়ায় টিকটক করতে গিয়ে ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু
আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মণ্ডলের ছেলে ও উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী রাজ মণ্ডল জয় (১৬)। সে দীর্ঘদিন ধরে নিজের টিকটক আইডিতে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে আসছিল। তার আইডিতে ব্যাপক ভিউ ও ফলোয়ার রয়েছে।
গতকাল সন্ধ্যায় নিজের বসতঘরের দ্বিতীয় তলায় টিকটকের দৃশ্য করতে গিয়ে গলায় ওড়নার ফাঁস লেগে যায়। জয় কাঠের ঘরের দ্বিতীয় তলায় তার কক্ষে অবস্থানকালে দীর্ঘক্ষণ নিচে না এলে খোঁজ নিতে যায় ছোট বোন নুপুর মণ্ডল।
ভাইকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে নিচে এসে দাদিকে জানালে প্রতিবেশীরা গিয়ে জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাছরিন জাহান নিশা তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে এসআই ওমর ফারুক হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জয়ের মা স্মৃতি মণ্ডল বিলাপ করে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে টিকটক বন্ধের জোর দাবি জানাচ্ছি। আমার মতো আর যেন কোনো মায়ের বুক টিকটকের কারণে খালি না হয়।’
জয়ের বোন নুপুর মণ্ডল বলে, ‘স্যার পড়াতে আসবে বলে ভাইকে ডাকতে গিয়ে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দাদিকে জানাই। পরে দাদিসহ প্রতিবেশীরা গিয়ে ঝুলন্ত অবস্থায় ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক বলেন, ‘গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে গতকাল রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আজ বৃহস্পতিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা করা হয়।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩