পটুয়াখালীর বাউফল পৌর শহরের দরবেশ আলী মিয়া সড়কের একটি বাসা থেকে মোছা. ইসরাত জাহান নিশি (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। নিহত ইসরাত জাহান ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার মো. নাসির উদ্দিনের মেয়ে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মনির হোসেন ঢালী (৪৫)-এর স্ত্রী। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মনির হোসেন চলতি বছরের ১৪ এপ্রিল পারিবারিকভাবে ইসরাত জাহানকে বিয়ে করেন। গত ২৬ জুন ইসরাত স্বামীর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসায় ওঠেন। মনির হোসেনের আগামী ২৪ জুলাই যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। স্বামী মনির হোসেন জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে তারা একই কক্ষে ঘুমাতে যান। রাত প্রায় ১টার দিকে ইসরাত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে কক্ষ থেকে বের হয়ে পাশের একটি কক্ষে প্রবেশ করেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করলে তিনি জানান, সেদিন একাই ঘুমাতে চান। সকালে আবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। কান্নাজড়িত কণ্ঠে মনির হোসেন বলেন, প্রথমে ২৮ জুন যুক্তরাষ্ট্রে ফেরার টিকিট কাটা ছিল। স্ত্রী বাউফলে আসায় সেই টিকিট বাতিল করে ২৪ জুলাইয়ের নতুন টিকিট করা হয়। তার দাবি, যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাকে ভুলে যাবেন, এমন আশঙ্কা থেকে ইসরাত কয়েকদিন ধরে মানসিকভাবে অস্থির ও হতাশায় ভুগছিলেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান