বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরিরচর বাজারে গভীর রাতে জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি ওয়ার্ড কার্যালয়ে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে রোববার (১৯ জুলাই) সকালে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি এ ঘটনার তদন্ত ও জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ।
কুরিরচর গ্রামের আবদুল হাকিম বেপারীর ছেলে ভ্যানচালক শামীম বেপারী (২৬) ঘটনার বিবরণ দিয়ে জানান, শনিবার (১৮ জুলাই) রাত ২টার দিকে বিএনপি অফিসের পাশে চার্জে দেওয়া নিজের ভ্যানটি দেখতে তিনি বাজারে আসেন। এ সময় তিনি দেখতে পান, অপরিচিত দুই ব্যক্তি বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে এবং মুহূর্তের মধ্যে তারা একটি মোটরসাইকেলে চড়ে মিয়ারচর গ্রামের দিকে পালিয়ে যায়।
শামীম বেপারী আরও জানান, দুষ্কৃতকারীদের চলে যেতে দেখে তিনি চিৎকার শুরু করেন এবং নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। তার ডাকচিৎকারে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওই বাজারের ব্যবসায়ী মো. ছিদ্দিকুর রহমান জানান, অগ্নিসংযোগের ঘটনার পর তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বোতলভর্তি কিছু পরিমাণ পরিত্যক্ত পেট্রল উদ্ধার করা হয়েছে।
সরিকল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মজনু মৃধা বলেন, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)