Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৩:৩১ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় ছোট্ট আমিনাকে ৩ লাখে বিক্রি করলেন মামা, অভিযোগ বাবা-মা’র
২৮ August ২০২৬ Friday ১:৫৯:০৬ PM
Print this E-mail this

কলাপাড়ায় ছোট্ট আমিনাকে ৩ লাখে বিক্রি করলেন মামা, অভিযোগ বাবা-মা’র


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

আলমগীর হোসেন ও তনজি বেগম, স্বামী-স্ত্রী দুজনেই বিশেষ চাহিদাসম্পন্ন। তবুও একমাত্র ছোট্ট শিশু সন্তান আমিনাকে ঘিরে সুখের অভাব ছিল না এ দম্পতির সংসারে। দিনভর ভিক্ষাবৃত্তি শেষে ঘরে ফিরে ফুটফুটে আমিনাকে নিয়েই মেতে উঠতেন দুজন। কিন্তু সেই আমিনার খোঁজ নেই দীর্ঘ ৫ মাস।

ওই দম্পতির দাবি, হঠাৎই মাদকাসক্ত ভাইয়ের ভয়াল থাবায় অনামিশার ঘোর অন্ধকার নেমে এসেছে তাদের ঘরে। একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে এখন আহার ছেড়ে পাগলপ্রায় তারা। যাকে পাচ্ছেন তার কাছেই করুণ বিলাপ করেছেন সন্তানকে ফিরিয়ে এনে দিতে। কিন্তু ঠিক কোথায় বিক্রি করা হয়েছে ১৬ মাস বয়সী আমিনাকে তাও জানেন না এই প্রতিবন্ধী দম্পতি।

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপি গইয়াতলা গ্রামের আলমগীর হোসেন। ভিক্ষাবৃত্তি করতে গিয়ে চার বছর আগে বিয়ে করেন নোয়াখালীর হাতিয়া থানার জোরখালী গ্রামের তনজি বেগমকে। এরপর স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতেই জীবনযাপন করছিলেন শারীরিক প্রতিবন্ধী তনজি বেগম ও দৃষ্টি প্রতিবন্ধী আলমগীর হোসেন। এ দম্পতির ৪ বছরের সংসার জীবনে ১৬ মাস আগে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। 

কিন্তু সন্তান জন্মের দীর্ঘদিন পর বাবার বাড়িতে গিয়ে মেয়েকে দেখাতে নিয়ে যেতে ভাইয়ের সঙ্গে হাতিয়ায় যোগাযোগ করেন তনজি বেগম। গত ৫ মাস আগে স্বামীর বাড়ি থেকে হাতিয়ার জোরখালিতে কন্যা সন্তান নিয়ে যান এই নারী।

তবে পথেই লোকজন নিয়ে অবস্থান করছিলেন ভাই ওয়াসিম। তনজির দাবি, দেখা হওয়ার পরই কোল থেকে ছিনিয়ে নেওয়া হয় ছোট্ট আমিনাকে। বাঁধা দিলে তাকে মেরে নিয়ে যাওয়া হয় একটি ঘরে।

প্রতিবন্ধী এই গৃহবধূ কান্নাজড়িত কণ্ঠে কালবেলাকে বলেন, ‘আমার আপন ভাই আমাকে এগিয়ে নিতে এসে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সঙ্গে এক বড়লোক নারীসহ আরও ৪ জন পুরুষ ছিল। প্রথমে আমি বুঝিনি। তবে আমাকে মেরে যখন বেঁধে রাখে, তখন বুঝেছি আমার নেশাখোর ভাই আমার সুন্দর মেয়েকে বিক্রি করবে বলেই ডেকে এনেছে।’

এই নারীর অভিযোগ, ‘শুধু বাচ্চা নিয়েই ছাড়েনি। এরপর তাকে নিয়ে গিয়ে একটি ঘরে পায়ে শিকল দিয়ে দীর্ঘ পাঁচ মাস বন্দি করে রাখে। এরমধ্যে কারও সঙ্গে যোগাযোগ করতে দেয়নি ভাই ওয়াসিম। এমনকি একবেলা খাবার দিত আর মারধর করতো। কিন্তু এরমধ্যে এক নারীর সহযোগিতায় শিকল খুলে পালিয়ে স্বামীর বাড়ি কলাপাড়ায় চলে আসেন তিনি।

কিন্তু আসার আগে জানতে পারেন তার আমিনাকে ৩ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে আপন ভাই ওয়াসিম। এখন তিনি সন্তান ছাড়া বাঁচতে পারবেন না বলে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন এবং সবার পায়ে ধরে কাঁদছেন আমিনাকে ফেরত পাওয়ার জন্য।

এদিকে সন্তান শোকে পাগলপ্রায় আলমগীর হোসেনও। তিনি কালবেলাকে বলেন, আমার সেরকম অর্থ নেই যে লোকজন নিয়ে আমার আমিনাকে ফেরত আনব। ওই মেয়েটাই আমার জীবনের সব। শিকল কেটে এসে সব বলার পর শত বার শ্বশুরবাড়ি যোগাযোগ করলেও কেউ ফোন ধরছেন না। তাই বিক্রি করে দেওয়া সন্তানকে ফিরিয়ে আনতে সরকারের কাছে জোর অনুরোধ করছেন তিনি। 

তবে অভিযুক্ত ভাই ওয়াসিমের ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়েই কেটে দেন তিনি। এরপর আর কল রিসিভ করেননি।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা পরামর্শ দিতে পারব। কিন্তু সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করতে হবে। 

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, আমরা বিষয়টি অবগত হয়েছি। শিশুটিকে উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা করব। যাতে মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দেওয়া যায়।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, আমরা অভিযোগ পেলে তারপর বিষয়টি নিয়ে আগানো সম্ভব। মূলত বাচ্চার বিষয়টি আগে নিশ্চিত হতে হবে। কিন্তু অভিযোগ দায়ের করতে তাদের হাতিয়ায় আসতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com