Home » বরিশাল » বাবুগঞ্জ » গ্যাস ও বিদ্যুৎ সংকটের মূল কারণ ফ্যাসিস্ট সরকারের কুকর্ম: জয়নুল আবেদীন
২ September ২০২৬ Wednesday ১১:২৪:৪৯ PM
গ্যাস ও বিদ্যুৎ সংকটের মূল কারণ ফ্যাসিস্ট সরকারের কুকর্ম: জয়নুল আবেদীন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, দীর্ঘ ১৭ বছর একটি সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার, তার সবই করেছে। বিগত সরকার ছাত্রসমাজকে ধ্বংস করেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছে, ব্যবসায়ী সমাজকে পঙ্গু করেছে এবং ব্যাংক-বীমাসহ দেশের পুরো অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, আমাদের সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য নানা ধরনের কৌশল চলছে। বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের যে তীব্র সংকট আমরা দেখছি, এটি বিগত ফ্যাসিবাদী সরকারের অপকর্ম ও চক্রান্তের ফল।
তিনি বলেন, স্বৈরাচারী সরকার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিভিন্ন গোপন চুক্তির মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে পালিয়ে গেছে। অথচ বাংলাদেশের বিপুল সম্ভাবনা ও গ্যাসসম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে আগামী ৫০ বছর দেশ অনায়াসে এগিয়ে যেতে পারত। কিন্তু সেই গ্যাস পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। এর খেসারত এখন পুরো দেশবাসীকে দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়ন ও পুনর্গঠনে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা অনেক পরিকল্পনা বাস্তবায়নে বাধার সৃষ্টি করছে। আজ দেশে গ্যাস ও বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, তার অন্যতম কারণ বিগত সরকারের রেখে যাওয়া নানা কুকর্ম ও ধ্বংসযজ্ঞ।
জয়নুল আবেদীন বলেন, তারেক রহমান একটি সুনির্দিষ্ট ভিশন ও রোডম্যাপ নিয়ে দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছেন। বাজেট পাসের আগেই সাহসিকতার সঙ্গে মাত্র ১৮০ দিনের স্বল্পমেয়াদি উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিটি কাজের অগ্রগতি দৃশ্যমান করা হচ্ছে।
তিনি বলেন, তারেক রহমানের সুস্পষ্ট প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা সদরদপ্তরে একটি করে মানসম্মত কলেজ সরকারি করা হবে। তিনি যা বলেন, তা বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করেন।
জয়নুল আবেদীন বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই একটি দেশের উন্নয়নের শেষ কথা নয়। বর্তমানে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করাও একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের যে নিবিড় ও আত্মিক সম্পর্ক রয়েছে, তা অন্য কারও নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সমৃদ্ধ ও নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেখানে শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. ন. ম. আঃ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা,বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সুলতান আহমেদ খান, সদস্য সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস অফিসার নাজমুল সালেহীন, বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান,বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামসুল আলম ফকির, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রাজন সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম খান রাকিব, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আতিক আল আমিন, সদস্য সচিব মোঃ ইয়াসিন আরাফাত সহ বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আর আগে জয়নুল আবেদীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলার ভাসমান ৫৩ টি জেলে পরিবারের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা