বরিশালের বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাজগুরু গ্রামের আবদুর রহমান ডাক্তার এবং তাঁর দুই ছেলে মোহাম্মদ মিজান (৩৮) ও মোহাম্মদ রাকিব (২৬)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনজনই সেখানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজগুরু গ্রামে জমি নিয়ে কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার স্থানীয় সালিশগণের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে বৈঠক বসে। বৈঠকে জমি নিয়ে আলোচনা চলাকালে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
আহতদের অভিযোগ, সালাম সর্দার, তাঁর ছেলে সাবিম, রিজাউদ ও রিজাউনসহ কয়েকজন ধারালো অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে আবদুর রহমান ডাক্তার ও তাঁর দুই ছেলে আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বাবুগঞ্জ থানার সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু