Current Bangladesh Time
Wednesday September ৩০, ২০২৬ ৮:০৩ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় প্রতিরাতেই চুরি হচ্ছে বিদ্যুতের তার, বাদ যায়নি ওসির বাসাও
২৯ September ২০২৬ Tuesday ৪:৫৯:২২ PM
Print this E-mail this

বরগুনায় প্রতিরাতেই চুরি হচ্ছে বিদ্যুতের তার, বাদ যায়নি ওসির বাসাও


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় রাতের আঁধারে একের পর এক চুরি হচ্ছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সার্ভিস তার। চোরের হাত থেকে রক্ষা পায়নি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি বাসার তারও। গত দুই মাসে চোর চক্র অন্তত দুই শতাধিক বাড়ির মূল্যবান সার্ভিস তার চুরি করেছে।

তবে পুলিশ বলছে, এরই মধ্যে চোর চক্রকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। চোর চক্র ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সরেজমিনে বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় গিয়ে দেখা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার ক্রোক এলাকার বাসিন্দা বিধবা মোরশেদা বেগমের চায়ের দোকান ও বাসার প্রায় ৩০ হাজার টাকা মূল্যের সার্ভিস তার চুরি করে নিয়ে যায় চোর চক্র। এরপর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে তার। অর্থাভাবে নতুন তার কিনে সংযোগ নিতে না পারায় অন্ধকারে দিন কাটছে ওই নারীর। বিদ্যুৎ না থাকায় দোকানে ফ্যান ও বৈদ্যুতিক কেটলিও চালাতে না পারায় কমেছে বেচাকেনা।

গত দুই মাসে ওই এলাকার অন্তত ৫০টি বাড়ির তার চুরি করেছে চোরচক্র। পাশাপাশি চুরি হয়েছে একই এলাকার পৌর বর্জ্য শোধনাগারের সার্ভিস তারসহ ল্যাম্পপোস্টের সকল তার। আর শুধু বরগুনা সদর উপজেলার অন্তত দুই শতাধিক বাড়ির বৈদ্যুতিক মূল্যবান সার্ভিস তার চুরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. রুবেল বলেন, আমাদের এলাকায় প্রায় অনেক বাড়িতেই বিদ্যুতের তার চুরি হয়েছে। রাত হলে এখন আমরা আতঙ্কে থাকি কখন চোর আক্রমণ করে। এলাকার বেশিরভাগ মানুষই খেটে খাওয়া। একবার তার চুরি হলে নতুন করে আবারো তার কেনার সামর্থ্য অনেকেরই নেই। একের পর এক এলাকার বাসিন্দাদের সার্ভিস তার চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত স্থানীয় চেয়ারম্যান, মেম্বার অথবা প্রশাসনের এ বিষয়ে তেমন কোনো ভূমিকা দেখছি না।

হেউলিবুনিয়া এলাকার বাসিন্দা রফিক প্যাদা বলেন, লোডশেডিংয়ের সুযোগে গভীর রাতে চুরি হচ্ছে তার। সার্ভিস তার চুরির পর প্লাস্টিকের কাভার খুলে তামার অংশ নিয়ে যায়। আর প্লাস্টিকের কাভার ফেলে যাচ্ছে সড়কের পাশে ঝোপঝাড়ের আড়ালে। প্রায় রাতেই তার চুরি হয়। কিন্তু এর প্রতিকার পাচ্ছি না।

কয়েকদিন আগে ঘরের সার্ভিস তার চুরি হয়েছে স্থানীয় বাসিন্দা মো. উজ্জ্বলের। তিনি বলেন, আমি বাজার থেকে বাসায় এসে দেখি বিদ্যুৎ নেই। পরে খাম্বার কাছে গিয়ে দেখলাম সংযোগ তার কাটা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এলাকার ছাড়া বাড়ি নামক একটা জায়গায় গিয়ে দেখি কয়েকজন মিলে তার কাটছে। অন্ধকারে তাদের সঙ্গে ধস্তাধস্তি করে কাটা অবস্থায় আমার তার নিয়ে আসি। তবে তাদের সঙ্গে চাকু ছিল এবং অন্ধকারে কাউকে চিনতে পারিনি।

পৌরসভার পিটিআই সংলগ্ন হেউলিবুনিয়া এলাকায় নির্মিত পৌর বর্জ্য শোধনাগারের সব সংযোগ চুরি হয়েছে জানিয়ে সোবহান নামে এক কর্মী বলেন, সব তার কেটে নিয়ে গেছে। বর্জ্য শোধনাগারের লাইটপোস্ট আছে কিন্তু তার নেই। রাতে গরমে রুমের মধ্যে থাকতে খুবই কষ্ট হয়। পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি এসে দেখেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। বিষয়টি সম্পর্কে কারো কোনো গুরুত্ব না থাকায় আমাদের এখন অন্ধকারে থাকতে হয়।

১০ দিন আগে নিজ বাসভবনের সার্ভিস তার চুরির সত্যতা নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, তার চুরির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির মামলায় বেশ কয়েকজন গ্রেফতার রয়েছে। এদের বেশিরভাগই মাদকাসক্ত, আমরা এ ঘটনায় ভাঙারি দোকানেও খোঁজ খবর নিচ্ছি, তাদের তথ্য সংগ্রহ করছি। আমাদের কাছে অনেক তথ্যই এসেছে। এসব ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, বরগুনায় জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চোর, ডাকাত এবং মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চলছে। তবে সার্ভিস তার চুরির একটি চক্র সক্রিয় হয়েছে, এমন খবর আমাদের নজরে এসেছে। এরই মধ্যে এই চক্রের একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং চক্রের অন্য সদস্যদেরকেও চিহ্নিত করা হয়েছে। তাদেরকে গ্রেফতার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com