Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে স্কুলে ঢুকে শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতার কারাদণ্ড
৩০ September ২০২৬ Wednesday ৬:২৪:০৮ PM
গৌরনদীতে স্কুলে ঢুকে শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতার কারাদণ্ড
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনধিকার প্রবেশ করে ছাত্রীদের শ্লীলতাহানিকর উক্তি, এক ছাত্রকে প্রহার ও কানধরে ওঠবস করানো এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফ (৪৪) নামে এক বিএনপি নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ নাঠৈ গ্রামের বাদশা শরীফের ছেলে। তিনি উপজেলার চাঁদশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির এক দায়িত্বশীল নেতা। সাজাপ্রাপ্ত লিপনের দুই সন্তান ওই স্কুলেই পড়াশোনা করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন জানান, গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে প্রবেশ করে দশম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ ঢালীকে বেধড়ক মারধর করেন লিপন। পরে তাকে খেলার মাঠে নিয়ে কানধরে ওঠবস করানো হয়। উপস্থিতি শিক্ষকরা এ ঘটনার প্রতিবাদ জানালে তাদের সঙ্গেও অত্যন্ত অশালীন ও গালিগালাজপূর্ণ আচরণ করা হয়। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়।
তিনি আরও জানান, বুধবার দুপুরে লিপন শরীফ পুনরায় স্কুল ক্যাম্পাসে এলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেলে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে দ্রুত শিক্ষকমণ্ডলীর কার্যালয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং বিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে অবহিত করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) স্কুলে উপস্থিত হয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে দণ্ড প্রদান করেন।
শিক্ষার্থীকে মারধরের কারণ সম্পর্কে প্রধান শিক্ষক বলেন, ভুক্তভোগী ছাত্র সাজ্জাদ নিজ খরচে পড়াশোনা চালানোর জন্য পড়াশোনার পাশাপাশি কাজ করে। ফলে মাঝে মাঝে কিছু ক্লাসে অনুপস্থিত থাকে। ক্লাস ফাঁকি দেওয়ার অজুহাতে তাকে অমানবিক নির্যাতন করা হয়।
গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা বিনষ্ট ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার দায়ে আইনানুযায়ী সাজা দেওয়া হয়েছে। বিদ্যালয় পরিবেশ ও জনস্বার্থে এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত থাকবে। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্তকে বরিশাল জেলহাজতে প্রেরণের জন্য গৌরনদী থানায় সোপর্দ করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক