বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজীম সড়কের ময়নারপুল এলাকা থেকে আমেনা খানম (অব.) নামে এক সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে তার ভাড়া বাসার তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার ছেলে ও স্বজনরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, আমেনা খানম হিজলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি চাকরি থেকে অবসর নেন। অবসর গ্রহণের পর বরিশাল নগরীর রোকেয়া আজীম সড়ক ময়নারপুল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
কয়েকদিন ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় ঢাকায় থাকা বড় ছেলে বিষয়টি তার খালাতো ভাই কলিম উদ্দিনকে জানান। পরে কলিম উদ্দিন রাতে ওই বাসায় গিয়ে দরজায় তালা দেখতে পান। এরই মধ্যে মধ্যরাতে পাশের ভাড়াটিয়ারা বাসা থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে খবর দেওয়া হয় কলিম উদ্দিনকে এবং তার মাধ্যমে আমেনা খানমের বড় ছেলেকে জানানো হয়।
খবর পেয়ে বড় ছেলে ঢাকা থেকে বরিশালে এসে পুলিশকে সঙ্গে নিয়ে ভোররাতে বাসার তালা খুললে ভেতরে তার মায়ের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) কামাল হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে এসেছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে এসেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
তবে কী কারণে এবং কীভাবে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)