Home » বরিশাল » দুর্গন্ধের ভাগাড় থেকে সবুজ উদ্যান, বদলে গেল চরফ্যাশনের প্রবেশমুখ
৭ November ২০২৬ Saturday ৭:০৫:৩৭ PM
দুর্গন্ধের ভাগাড় থেকে সবুজ উদ্যান, বদলে গেল চরফ্যাশনের প্রবেশমুখ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
দীর্ঘ ১৫ বছর ধরে যেখানে জমে থাকত ময়লা-আবর্জনার স্তূপ, ছড়াত উৎকট দুর্গন্ধ, সেই স্থানেই এখন শোভা পাচ্ছে সবুজের সমারোহ। ভোলার চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখের সেই পরিচিত ভাগাড় সরিয়ে গড়ে তোলা হয়েছে গ্রিন জোন। পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগে একদিকে যেমন পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি কমেছে, অন্যদিকে নতুন করে সবুজায়নের সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ গাছের চারা রোপণের মাধ্যমে গ্রিন জোনটির উদ্বোধন করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার প্রবেশমুখে প্রায় ১৫ বছর ধরে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। ভোগান্তিতে পড়তেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি ওই স্থানে ময়লা ফেলা বন্ধ করে আবর্জনা অপসারণ করা হয়। পরে বালু দিয়ে জায়গাটি ভরাট করে সেখানে বিভিন্ন প্রজাতির ২০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে স্থানটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার পরিবেশের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও সবুজায়নে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে পৌরসভার প্রবেশমুখে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সেখান থেকে ময়লা অপসারণ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর সৌন্দর্য ও সবুজ পরিবেশ বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি