Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় নিজের বাল্যবিয়ে বন্ধে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আকুতি, তবুও চলছে আয়োজন
৯ November ২০২৬ Monday ৪:৩১:২০ PM
গলাচিপায় নিজের বাল্যবিয়ে বন্ধে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আকুতি, তবুও চলছে আয়োজন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে জোর করে বিয়ে দেওয়ার আয়োজন করেছে পরিবার। সোমবার (৯ নভেম্বর) বিয়ের দিন নির্ধারণ করা হলেও আগের দিনই বিয়ে বন্ধ ও পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে নিজের মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করে ওই ছাত্রী। কিন্তু অভিযোগ পেয়েও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে।
আশা (কিশোরীর সামাজিক নিরাপত্তার স্বার্থে কালবেলা তাকে একটি ছদ্মনাম দিয়েছে) নামে ওই কিশোরী উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ওই শ্রেণি প্রথম স্থান অধিকারী। তার জন্ম ২০১২ সালে। সে হিসেবে বর্তমানে তার বয়স মাত্র ১৪ বছর।
রোববার (৮ নভেম্বর) মাদ্রাসার সুপার বরাবর দেওয়া লিখিত আবেদনে আশা জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করেছেন। ৯ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়েছে। কিন্তু সে এখনই বিয়ে করতে চায় না। পড়াশোনা চালিয়ে গিয়ে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চায়। প্রয়োজনে তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্যও মাদ্রাসার সুপারের কাছে আকুতি জানিয়েছে সে। আবেদনের শেষাংশে নিজের বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় আশা।
তবে শিক্ষার্থীর এমন আকুতি পাওয়ার পরও কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। অনেকেই বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন।
ওই মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া আমার কাছে করার কিছু নেই। আমারও তো এলাকায় থাকতে হবে।
গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম বলেন, এ ধরনের বিষয় ইউএনও, ওসি ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাতে হয়। তারা এ বিষয়ে কাজ করেন।
গলাচিপা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা বলেন, আমি তো জানি না, আমাকে জানানো হয়নি। আমার প্রশাসনিক ক্ষমতা নেই, আমি তাদের সঙ্গে থাকি।
অন্যদিকে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি জেনেছি। আমি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।
বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম আইনগত বয়স ১৮ বছর। বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য। সে হিসাবে ১৪ বছর বয়সী ঝুমুরের বিয়ের আয়োজন আইনবিরোধী। এ ধরনের বিয়ে প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ রয়েছে।
একজন মেধাবী শিক্ষার্থী নিজের বিয়ে বন্ধ ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য লিখিতভাবে সহযোগিতা চেয়েছে। অথচ বিয়ের দিন ঘনিয়ে এলেও দায়িত্বশীলদের মধ্যে কার্যকর উদ্যোগের বদলে দায় এড়ানোর প্রবণতা দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। ঝুমুরের ভবিষ্যৎ রক্ষায় এখন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের