Current Bangladesh Time
Tuesday November ১০, ২০২৬ ৩:১৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » তদন্তে সত্যতা: কলাপাড়া ও ভোলায় ২ টন পচা ইলিশ আসে ঘাটে, বিক্রিও হয়
১০ November ২০২৬ Tuesday ১:৩৭:৪৬ PM
Print this E-mail this

তদন্তে সত্যতা: কলাপাড়া ও ভোলায় ২ টন পচা ইলিশ আসে ঘাটে, বিক্রিও হয়


আমাদের বরিশাল ডেস্ক:

পটুয়াখালীর কলাপাড়া ও ভোলার চরফ্যাশনে ট্রলারবোঝাই পচা অবস্থায় ঘাটে নিয়ে আসা সেই ৫০-৬০ মণ ইলিশ নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে শিকারের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা ওঠার সঙ্গে সঙ্গে মাছগুলো নিয়ে ঘাটে ফেরেন অসাধু জেলেরা। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পচা মাছের একটি অংশ নোনা ইলিশ ব্যবসায়ীরা কিনে নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।

ইলিশ শিকারে নদীর পাশাপাশি সাগরেও নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে বরিশাল মৎস্য অধিদপ্তর বলছে, সাগরে তাদের নিয়ন্ত্রণ নেই। 

গত ২৯ অক্টোবর রাতে এবং পরদিন ৩০ অক্টোবর সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর মৎস্যঘাট এবং ভোলার চরফ্যাশন উপজেলায় জেলেরা ট্রলারবোঝাই পচা ইলিশ নিয়ে উপকূলে ফেরেন। গত ২৯ অক্টোবর মধ্যরাতে মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। এ ঘটনায় সে সময় মা ইলিশ রক্ষার অভিযান নিয়ে সমালোচনা এবং ক্রেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এ ঘটনায় মৎস্য অধিদপ্তরের নির্দেশে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

আনিসুজ্জামান জানান, ভোলা ও পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তাকে নিয়ে তিনি পটুয়াখালীর আলীপুর, মহিপুর সরেজমিন তদন্ত করেছেন। নিষেধাজ্ঞা শেষে এই দুই ঘাটে ট্রলারে ৫০-৬০ মণ ইলিশ আসে। এর অধিকাংশই পচা ছিল। এসব ট্রলার সমুদ্রে ছিল। বরফ না থাকায় যথাযথ সংরক্ষণের অভাবে পচে গেছে। তদন্তে পচা ইলিশ ঘাটে নামানোরও সত্যতা মিলেছে। জেলেদের একটি অংশ নিষেধাজ্ঞা ভঙ্গ করে যে মাছ ধরেছিল, তা পচা অবস্থায় ঘাটে আনা হয়। ভোলার চরফ্যাশনেও একই ঘটনা ঘটেছে। একটি বড় সিন্ডিকেট এ ঘটনায় জড়িত।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘তদন্ত কমিটির সঙ্গে আমিও ছিলাম। ব্যবসায়ীরা বলেছেন, “পচা ইলিশ আনা হয়েছিল, সেগুলো ভোলা, হাতিয়া থেকে এসেছে। এগুলো ব্যবসায়ীরা গ্রহণ না করে ফেরত দিয়েছেন।”’

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘চরফ্যাশনের সামরাজ ঘাটে নিয়ে আসা পচা ইলিশের পরিমাণ ২০০ থেকে ৩০০ কেজি ছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। নিষেধাজ্ঞার শেষ দিনে এই ইলিশ ধরা হয়েছিল।’

তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. কামরুল হাসান বলেন, ‘তদন্তে জানা গেছে, মহিপুর ও আলীপুর মৎস্যঘাটে প্রায় দুই টন পচা ইলিশ এসেছিল। এর একটি অংশ নোনা ইলিশ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।’

মৎস্য অধিদপ্তরের সাগরে নিয়ন্ত্রণ নেই জানিয়ে কামরুল হাসান বলেন, ‘এই পচা ইলিশ সাগর থেকে আনা হয়েছিল। কিন্তু আমাদের সাগর নিয়ন্ত্রণ করার সুযোগ নেই।’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান খান বলেন, ‘পচা ইলিশ কিংবা পচন ধরা খাবার খেলে পাকস্থলীতে সমস্যা, বদহজম, পেটব্যথা হতে পারে।’

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, ‘মৎস্য অধিদপ্তর যদি এই পচা ইলিশ সম্পর্কে আমাদের তথ্য দিত, তাহলে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় জড়িত ব্যক্তিদের অনধিক ৫০ হাজার টাকা জরিমানা করা যেত।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com