জাদুশিল্পী জুয়েল আইচের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ ও তার পরিবারের পৈতৃক সম্পত্তির প্রায় ৪৩৩ শতাংশ জমি জবরদখলের অভিযোগ উঠেছে। সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকার মধ্যেই জমি দখল, বাগানের ফলমূল নিয়ে যাওয়া, লিজগ্রহীতাকে মারধর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন জুয়েল আইচ ও তার পরিবারের সদস্যরা।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি মৌজায় রয়েছে জুয়েল আইচের পৈতৃক সম্পত্তি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস ও পেশাগত ব্যস্ততার কারণে গ্রামের বাড়িতে নিয়মিত থাকতে না পারার সুযোগে একটি প্রভাবশালী চক্র তাদের সম্পত্তি দখলে নিয়েছে।
ভুক্তভোগী পরিবার ও ভূমি অফিসের হালনাগাদ ভূমি উন্নয়ন করের দাখিল সূত্রে জানা গেছে, সমুদয়কাঠি মৌজার (জে.এল. নম্বর ৬৫) বিভিন্ন খতিয়ানে জুয়েল আইচ, টুটুল আইচ, মিঠুন আইচ, আরতী আইচ ও শংকু আইচের নামে মোট ৪৩৩ দশমিক ৫০ শতাংশ জমি রয়েছে। বি.এস. ৯৫৪, ৯৫৫, ৯৫৬, ২৫-১০১৬ ও ৮৮৪ নম্বর খতিয়ানের আওতাভুক্ত এসব জমির নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হচ্ছে বলে দাবি পরিবারের।
পরিবারের সদস্যরা জানান, তারা প্রতিবছর স্থানীয় কৃষকদের কাছে নির্দিষ্ট অর্থের বিনিময়ে জমিগুলো ইজারা দিয়ে আসছিলেন। ২০২২ সালে ইজারার অর্থ নিয়ে আগের ইজারাগ্রহীতাদের সঙ্গে বনিবনা না হওয়ায় অন্য ব্যক্তিদের কাছে জমি ইজারা দেওয়া হয়। এরপর টিটু আইচ ও মৃণাল আইচের লোকজন নতুন ইজারাগ্রহীতাদের মারধর করে জমি থেকে সরিয়ে দেন এবং সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃণাল আইচ বি.এস. ৮৮৪ নম্বর খতিয়ানের ৩৫৫ নম্বর দাগের প্রায় ১১৩ শতাংশ বসতভিটা ও কৃষিজমি দখলে রেখেছেন। অন্যদিকে টিটু আইচের লোকজনের বিরুদ্ধে অবশিষ্ট ৩২০ দশমিক ৫০ শতাংশ জমি ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্পত্তি নিয়ে আদালতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা (স্ট্যাটাস কো) থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সম্প্রতি টিটু আইচের নেতৃত্বে আবুল বাশার হাওলাদারসহ কয়েকজন তাদের বাগানের সুপারি ও নারকেল পেড়ে নিয়ে যান। এতে বাধা দিলে আবুল বাশারের স্ত্রী, ছেলে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জন তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশ ও মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে, জমির ইজারাগ্রহীতা মো. ইমরান খন্দকার বাগানে সুপারি পাড়তে গেলে টিটু আইচ, আবুল বাশার হাওলাদারসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে ইমরানের ডান হাতের কনুই ভেঙে যায়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেওয়া এবং মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় ইমরান খন্দকার বাদী হয়ে গত ২ নভেম্বর নেছারাবাদ থানায় একটি নিয়মিত মামলা করেন। মামলার নম্বর ০২। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩৭৯, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, মামলা দায়েরের পরও অভিযুক্তরা প্রকাশ্যে বিভিন্নভাবে হুমকি দেওয়ায় তারা নিজেদের পৈত্রিক বাড়ি ও সম্পত্তিতে যেতে সাহস পাচ্ছেন না। এ ঘটনায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের একটি অংশের মদদ রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করে টিটু আইচ বলেন, জাদুশিল্পী জুয়েল আইচ ও তার পরিবার দীর্ঘদিন এলাকায় না থাকায় তাদের জমি নগদ টাকায় লিজ নেওয়া হয়েছে। লিজ নিয়ে আমি অন্যদের কাছে পুনরায় লিজ দিয়েছি। এটি কোনো দখল নয়।
জুয়েল আইচের ভাইয়ের ছেলে টুটুল আইচ বলেন, আমার কাকা স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন। তার সম্পত্তি আমরাই দেখাশোনা করি। আমরাও স্থায়ীভাবে বাড়িতে থাকি না। এ কারণে কৃষিজমি ও ফলজ বাগান অন্যদের কাছে বাৎসরিক লিজ দেওয়া হয়। সেই সুযোগে জমি দখল করা হয়েছে। আমরা ন্যায্যতার ভিত্তিতে জমি ফেরত চাই।
জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, পেশাগত কারণে গ্রামের বাড়িতে যেতে না পারায় কিছু সুবিধাবাদী মানুষ আমার সম্পত্তি দখল করে নিয়েছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কীভাবে জমি দখল করা হচ্ছে, তা আমার বোধগম্য নয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে মারামারি সংক্রান্ত একটি মামলা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী