Current Bangladesh Time
Wednesday November ১৮, ২০২৬ ১:০৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, প্রতিবাদের ঘণ্টাখানেক পর পদ হারালেন নেতা
১৭ November ২০২৬ Tuesday ৬:৩৪:৩২ PM
Print this E-mail this

বরিশালে যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, প্রতিবাদের ঘণ্টাখানেক পর পদ হারালেন নেতা


নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ ১০ বছর পর বরিশালে গঠিত যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ওয়ার্ড বিএনপির এক নেতাকে মহানগর যুবদলের সভাপতি করায় কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতা-কর্মীদের একাংশ। এ নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানানোর এক ঘণ্টার মধ্যে নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন অহিদুল ইসলাম রুবেল। 

অন্যদিকে, দক্ষিণ জেলা যুবদলের কমিটিতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা এবং বালু কাণ্ডে বহিষ্কৃত ব্যক্তিকে পদ দেওয়ার অভিযোগ তুলেছেন বঞ্চিত নেতারা। এসব বিষয়ে দলের চেয়ারম্যানের কাছে খোলা চিঠি দিয়েছেন ছাত্রদলের সাবেক এক নেতা।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্র।

এরপর নবগঠিত মহানগর যুবদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘বরিশাল মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব রিয়াজুর রহমান রিয়াজকে নগর যুবদলের সভাপতি করা হয়েছে। এ কমিটি আমি প্রত্যাখ্যান করছি। যুবদলের কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন—বিএনপির পদধারী লোক যুবদলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারে কি না?’

রুবেলের ওই পোস্টের প্রায় এক ঘণ্টা পর তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দিয়ে সেখানে রেজাউল করিম রনিকে অন্তর্ভুক্ত করা হয়।

এ বিষয়ে রুবেল বলেন, ওয়ার্ড বিএনপির সদস্যসচিবকে মহানগর যুবদলের সভাপতি করার প্রতিবাদ জানানোর পরপরই তাঁকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় তাঁর বাক্‌স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে নবগঠিত মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, রুবেলকে কেন বাদ দেওয়া হয়েছে, তা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলতে পারবেন। তিনি দাবি করেন, বিএনপির দুর্দিনে তাঁকে মহানগর বিএনপির একটি ওয়ার্ড কমিটিতে রাখা হয়েছিল। পরে তিনি পদত্যাগও করেন। ছাত্রদল ও যুবদল করার পাশাপাশি বিএনপিতে পদ থাকার নজিরও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, দক্ষিণ জেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউল আলম পলাশ ফেসবুক লাইভে নতুন কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

তিনি বলেন, নতুন কমিটির সভাপতি হাবিবুল্লাহ আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর অভিযোগ, তিনি বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বাসায় সপরিবারে থেকে তাঁদের আশ্রয়-প্রশ্রয়ে চলতেন। নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি বেলায়েতও আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বালু কাণ্ডে তাঁকে বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করেন পলাশ। এমন ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করায় বিতর্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুল আলম মিঠু নতুন কমিটি নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপির চেয়ারম্যানের কাছে খোলা চিঠি দিয়েছেন। কমিটির নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। কমিটিতে স্থান পাওয়া কয়েকজনের আওয়ামী লীগের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল বলেও দাবি করেন তিনি। বিএনপির চেয়ারম্যান এই কমিটির বিষয়ে অবগত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মিঠু।

তবে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুবেল বলেন, নবগঠিত তিনটি কমিটিই সুপার হয়েছে। কমিটিতে মুদ্রণজনিত ভুল ছিল, কাউকে বাদ দেওয়া হয়নি। এর সঙ্গে ফেসবুক পোস্টের কোনো সম্পর্ক নেই। নতুন কমিটির কারও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি। যুবদলে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে তা গঠনমূলক ভাষায় হওয়া উচিত বলে মন্তব্য করেন এই নেতা।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দায়িত্বশীল এক নেতা আজ মঙ্গলবার দুপুরে বলেন, বিএনপির পদধারী একজনকে যুবদলের সভাপতি করার ঘটনা অপ্রত্যাশিত। এরপর প্রতিবাদ করায় তাৎক্ষণিকভাবে কাউকে পদ থেকে বাদ দেওয়া ক্ষমতার অপব্যবহার। কাউকে এভাবে অপমান করা যায় না। এখন বিষয়টিকে ‘মুদ্রণজনিত ভুল’ বলা হলে তা কমিটির অযোগ্যতারই প্রমাণ দেয় বলে মন্তব্য করেন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী
বরিশালে ৩৪ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন, নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন
বরিশালে ‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com