মেয়রপ্রার্থী মামুনের ওপর হামলা, ছয় সমর্থক আহত
বরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী মাহমুদুল হক খান মামুনের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় মিরাজ, সুমন, রানাসহ খান মামুনের ছয় সমর্থক আহত হয়েছেন। আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মেয়রপ্রার্থী মামুন। ১২ জুন বুধবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর উত্তর আমনতগঞ্জ এলাকায় গণসংযোগ চালানোর সময় এ হামলা চালানো হয়।
জানা গেছে, বুধবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর উত্তর আমনতগঞ্জ এলাকায় ‘দোয়াতকলম’ মার্কার পক্ষে গণসংযোগ করছিলেন মেয়রপ্রার্থী মাহমুদুল হক খান মামুন। এসময় আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের সমর্থকরা সেখানে এসে মেয়রপ্রার্থী মামুনকে প্রচারণা না চালিয়ে এলাকা ত্যাগের হুমকি দেয়। এরপরও খান মামুন গণসংযোগ চালাতে শুরু করলে হিরনের সমর্থকরা দেশীয় অস্ত্র হাতে তাদের ওপর হামলা চালায়। এসময় খান মামুনকে রক্ষা করতে গিয়ে মিরাজ, সুমন, রানাসহ তার ছয় সমর্থক আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় খান মামুন সমর্থকদের নিয়ে এলাকা ত্যাগ করেন।
আহতদের মধ্যে দুই জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অপর চারজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে মেয়রপ্রার্থী মাহমুদুল হক খান মামুন জানান, ‘দোয়াতকলম’ মার্কার পক্ষে গণজোয়ারে ঈষার্ণিত্ব হয়ে হিরন সমর্থকরা এ হামলা চালিয়েছে। এতে আমার প্রধান সমন্বয়কারীসহ ছয় কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা এসময় আমার সাথে থাকা ওলামালীগের মাওলানা সোলায়মানকেও হুমকি দিয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |