কৃষি খাতে বিশেষ অবদান সেরা পুরস্কার পেলেন বরিশালের খান আসাদুজ্জামান ডেস্ক রিপোর্ট
কৃষি খাতে বিশেষ অবদান রাখার জন্য ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাগ্রো অ্যাওয়ার্ড’ সেরা পুরস্কার পেয়েছেন বরিশালের খান আসাদুজ্জামান।
মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে পঁচটি শ্রেণীতে পুরুষ কৃষক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্তৃপক্ষ সেরা এ পুরস্কার দেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাককেইব, ব্র্যান্ডজিল ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সিইও শরিফুল ইসলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপি দাশ চৌধুরী প্রমুখ।
পাঁচ শ্রেণীতে দেওয়া পুরস্কারের মধ্যে পুরুষ কৃষক হিসেবে সেরা পুরস্কার পেয়েছেন বরিশালের খান আসাদুজ্জামান। মৎস্য ও ফল চাষ এবং দুগ্ধশিল্পে বৈচিত্র্য আনার স্বীকৃতিস্বরুপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।
আর পোল্ট্রি বা হাঁস-মুরগি, দুগ্ধ ও গবাদি পশুর খামার করে বিশেষ অবদান রাখার জন্য নারী হিসেবে সেরা এ পুরস্কার লাভ করেন ফরিদপুরের আলিয়া বেগম।
এছাড়া উদ্ভাবন ও গবেষণা শ্রেণীতে সেরা সহযোগী প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (বারি)। এই শ্রেণীতে লাল তীর সীড লিমিটেডকে ‘অনারেবল মেনশন’ পুরস্কার দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি গবেষণা ও উৎপাদনসহ দেশব্যাপী সবজি বীজ সরবরাহ বা বিতরণে অবদান রাখার জন্য পুরস্কারটি লাভ করে।
সহায়তা ও বাস্তবায়নে সেরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে আলিম ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতির ব্যবহার সহজ করে তোলার জন্য আলিম ইন্ডাস্ট্রিজ পুরস্কারটি পায়।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |