উজিরপুরে ৪শ’ গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের মামলা, এলাকায় আতঙ্ক
বরিশাল, ২৮ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের উজিরপুরে দুর্বৃত্তদের হাতে স্থানীয় ব্যবসায়ী স্বপন কুমার সমাদ্দার নিহত হওয়াকে কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৪শ’ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ২৭ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে উজিরপুর থানায় এ মামলাটি (নং ৩১) করেন কুড়লিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন খান। এদিকে গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের মামলা করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ২৮ ডিসেম্বর দুপুর থেকে এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে। গ্রেপ্তারের ভয়ে ওই এলাকার সাধারণ মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে।
গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশ মামলা করায় ক্ষোভ প্রকাশ করে উজিরপুর উপজেলার জল্লা ইউপি’র চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ বলেন, ‘গ্রেপ্তার এড়াতে বর্তমানে গ্রামগুলো পুরুষশূন্য হয়ে পড়েছে।’
উজিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা মো. নাসিরউদ্দিন জানান, পুলিশের মামলায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ শত জন গ্রামবাসীকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দান এবং বেআইনীভাবে সশস্থ অবস্থায় হামলা করার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া বাজারে পুলিশ ফাঁড়ির পাশে মুদি ব্যবসায়ী স্বপন কুমার সমাদ্দারকে (২৫) গুরুত্বর অবস্থায় পাওয়া যায়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বপনের মৃত্যু হয়। হত্যাকাণ্ডে পুলিশ সহযোগিতা করেছে অভিযোগ করে ক্ষুব্ধ গ্রামবাসী কুড়লিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। এসময় পুলিশ লোকজনের ওপর গুলি চালালে আহত হয় নারী, শিশুসহ নয়জন। এর মধ্যে চারজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত স্বপন ব্যবসার পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীতে পড়তেন।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |