মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক বিক্রিঃ মামলা না করে সাধারণ ডায়েরী করায় ক্ষুদ্ধ কৃষকরা
আগৈলঝাড়া, ২১ এপ্রিল (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক বিক্রি করার ঘটনায় জড়িত ডিলারের বিরুদ্ধে মামলা করার কথা থাকলেও অদৃশ্য ইশারায় শেষ পর্যন্ত থানায় মামলা করা হয়নি। নিয়ম রক্ষার খাতিরে থানায় শুধু ২টি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনার ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও ডিলালের বিরুদ্ধে মামলা না হওয়ায় বাকাল গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে মামলা না করার জন্য এলাকার প্রভাবশালী মহল ডিলারের পক্ষে বিভিন্ন স্থানে তদবির করছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলা সদরের কিটনাশক ডিলার বিধান মন্ডল বাকাল ইউনিয়নের বিভিন্ন কৃষকদের কাছে সেমকো কোম্পানীর মেয়াদ উত্তীর্ন সপসিন-৭৫ বিক্রি করে। আর এ মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক ব্যবহার করে ঔ এলাকার কৃষকদের কয়েক হাজার একর জমির ধার নষ্ট হয়ে যায়। এ নিয়ে বাকাল হাটে ২০ এপ্রিল শুক্রবার সকাল থেকে দফায় দফায় দুপুর পর্যন্ত কৃষকদের বিক্ষোভ মিছিল শেষে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ সরকারকে অবরুদ্ধসহ বিক্ষুদ্ধ কৃষকরা ডিলারকে মারধরসহ তার ব্যবহৃত মটর সাইকেল ভাংচুর করে।
এ ঘটনায় ওই দিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসসহ কৃষি অফিসে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সেসময় ডিলারের বিরুদ্ধে মামলা হওয়ার কথা বলা হলেও অজ্ঞাত কারনে ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও কৃষি অফিস এখন পর্যন্ত মামলা করেনি। এ ঘটনায় পুলিশের এসআই আলাউদ্দিন ২০ এপ্রিল শুক্রবার রাতে সাধারণ ডায়েরী করেছে, যার নং-৭৩২। অন্যদিকে উপজেলা কৃষি অফিস মামলা দায়ের কথা থাকলেও অজ্ঞাত কারনে মামলা না করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ সরকারকে দিয়ে শুধুমাত্র নিয়ম রক্ষার খাতিরে ২০ এপ্রিল শুক্রবার আগৈলঝাড়া থানায় একটি জিডি করেছে, যার নং-৭৩৯।
–
(আমাদের বরিশাল ডটকম/আগৈলঝাড়া/সার/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |