৪দিন পরও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী, নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরী
ভোলা, ৩০ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার তজুমদ্দিন উপজেলায় কলেজ ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করার ৪ দিন পরও উদ্ধার না হওয়ায় সংখ্যালঘু পরিবারটি চরম হতাশা ও নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। অপহরনের ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেলের বরুদ্ধে মামলা দায়েরের পর থেকে অপহরনকারীরা সংখ্যালঘু পরিবারটিকে মুঠোফোনে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই জীবনের নিরাপত্তা চেয়ে অপহৃতা দীপা রানীর পিতা শ্যামল মাতাব্বর তজুমদ্দিন থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
থানা পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা মৃত আবুল কাশেম’র ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ রাসেল গত ২৬ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দলবল নিয়ে সশস্ত্র অবস্থায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালায়। এ সময় একই ইউনিয়নের গোলকপুর গ্রামের শ্যামল মাতাব্বরের মেয়ে তজুমদ্দিন ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী দিপা রানী দাসকে (২২) বাড়ি থেকে জোড়পূর্বক অপহরন করে নিয়ে যায় তারা। পরে অপহরনের ঘটনায় কলেজ ছাত্রী মা প্রতিমা রানী দাস বাদী হয়ে ছাত্রলীগ যুগ্ন আহ্বায়ক রাসেলের নাম উলেৱখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার ৪দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। অন্যদিকে অপহৃতার বাবা শ্যামল মাতাব্বরের ব্যবহৃত মুঠোফোনে অপহরনকারীরা মামলা তুলে না নিলে জীবন নাশের হুমকি প্রদান করেন। এ ঘটনায় ২৯ এপ্রিল রবিবার রাতে শ্যামল মাতাব্বর বাদী হয়ে হুমকিদাতাদের দুটি নাম্বার ০১৭৩৩৬৯৩৫৫ ও ০১৭২১৪৮১৪৪১ উল্লেখ করে জীবনের নিরাপত্তা চেয়ে তজুমদ্দিন থানায় একটি সাধারন ডায়রী (নং ৭৯৫ তাং ২৮/০৪/১২ ইং) করেছেন।
অপরদিক বিভিন্ন পত্রিকায় এ সংবাদ প্রকাশ হলে অপহরনকারীরা পত্রিকার বান্ডিল ছিনিয়ে নেয়ার হুমকি দেয়। পরে পুলিশী পাহারায় তজুমদ্দিনে পত্রিকার বান্ডিল আনা হয়। তবে ছাত্রলীগ যুগ্ন আহ্বায়কের এমন কর্মকান্ডে খোদ তজুমদ্দিন ছাত্রলীগ নেতা-কর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করা শর্তে ছাত্রলীগের একাধিক নেতা জানান, এধরনের কর্মকন্ডে সাধারন মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই তাকে অবিলম্বে দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছে তারা।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |