নিখোঁজ কোস্টগার্ড সদস্যদের সন্ধান মিলেছে
বরগুনা, ৫ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): নিখোঁজ হবার একদিন পরে ৪ মে শুক্রবার রাতে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদসহ ১৫ জনের সন্ধান মিলেছে। ৫ মে শনিবার সকাল দশটায় তারা দুবলার চর থেকে পাথরঘাটার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সাথে রয়েছে চোরাকারবারীদের একটি বৃহৎ আকারের ট্রলারসহ একজন চোরাকারবারী। রাতে তারা পাথরঘাটায় ফিরে আসবেন বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন।
৫ মে শনিবার দুপুরে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদ জানান, ৩ মে বৃহস্পতিবার রাত আটটার দিকে তারা ১৫ জন একটি ট্রলার নিয়ে তারা চোরাকারবারীদের একটি ট্রলার ধরার জন্য অভিযান শুরু করেন। তারা ট্রলারটিকে ধাওয়া করলেও ৩ মে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ঝড়ের কবলে পড়ে অভিযান ব্যর্থ হয়ে যায়। প্রাণ রক্ষার্থে তারা দুবলার চরে সারারাত অবস্থান করেন। শুক্রবার সকালে দ্বিতীয় দফা ঝড়ের আঘাতে আবারও তারা দিশেহারা হয়ে পরেন। পরে কোস্টগার্ড সদস্যরা দুবলার চরের ফরেস্ট অফিসে গিয়ে আশ্রয় নেন। কিন্তু ৩ মে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা থেকেই সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা কারো সাথে যোগাযোগ করতে পারছিলেন না। সবাই আশংকা করেছিলে ঝড়ে কোস্টগার্ডের ট্রলার ডুবে গেছে।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার আরো জানান, ৪ মে শুক্রবার ঝড় থামার পরে তারা আবার অভিযান শুরু করেন। বিকেল চারটার দিকে আলোরকোল নামক স্থান থেকে এফবি শাহ মদিনা নামের ট্রলারসহ চোরাকারবারী দলের সদস্য সালাউদ্দিনকে আটক করেন। এদিকে ৫ মে শনিবার রাতের প্রথম প্রহরে (১২-৩০মি.) তাদের খোঁজে বের হওয়া কোস্টগার্ডের সিইও কমান্ডার জামিল সিদ্দিকী, লে. জাহাঙ্গীরের নেতৃত্বে ১০ জন নাবিক সেখানে পৌছান।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মুঠোফোনে জানান, ৫ মে শনিবার সকাল দশটায় তারা শরনখোলা রওনা হয়েছেন। শরনখোলা থানায় চোরাকারবারীসহ ট্রলারটিকে হস্তান্তর করে পাথরঘাটা রওনা হবেন। রাতে পাথরঘাটা পৌছবেন বলে তারা আশা করছেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন সেলিম জানান, কোস্টগার্ড সদস্যদের ফিরে পেয়ে তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |