বাউফল পৌরসভা নির্বাচনঃ হুইপের বিরুদ্ধে ৩ মেয়র প্রার্থীর লিখিত অভিযোগ
বাউফল, ১২ মে (কৃষ্ণ কর্মকার/আমাদের বরিশাল ডটকম): সরকার দলীয় হুইপ আসম ফিরোজ এমপির বিরুদ্ধে আসন্ন পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তার ও আচরন বিধি লংঘনের লিখিত অভিযোগ করেছেন ৩ মেয়র প্রার্থী। ১২ মে শনিবার বিকালে রিটানিং অফিসার ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল কালাম আজাদের কাছে এ লিখিত অভিযোগ পৌঁছে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগে স্বাক্ষরিত মেয়র প্রার্থীরা হলেন- জিয়াউল হক জুয়েল (তালা), কাজী ফরিদুজ্জামান টিপু (দেয়াল ঘড়ি) ও নিজাম উদ্দিন খান কাপ-পিরিচ)।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আসম ফিরোজ বাউফল পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনার পর সরকারি সফরের নামে ২ বার বাউফলে এসে তাঁর সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া পান্নুর (দোয়াত কলম মার্কার) পক্ষে প্রচার প্রচারনা চালিয়েছেন। আগামী ১৪ মে তৃতীয় বারের মত সরকারি সফরে তিনি বাউফলে আসছেন এবং ২৩ মে পর্যন্ত তিনি বাউফলে অবস্থান করবেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তৃতীয় বারের এ সফরে হুইপ আসম ফিরোজ এমপি ৯ দিন বাউফলে অবস্থান করে তার সমর্থীত মেয়র প্রার্থীর গোলাম কিবরিয়া পান্নুর পক্ষে বিভিন্ন কৌশলে প্রচার প্রচারনায় অংশ গ্রহনসহ প্রভাব বিস্তার করতে পারেন। অবাধ ও নিরপেক্ষনির্বাচন সম্পন্ন করার স্বার্থে তাঁর বাউফলে সরকারী সফর বাতিল করার দাবি জানান। এ অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটানিং অফিাসার কাছেও প্রেরন করা হয়েছে।
আ.স.ম ফিরোজ এমপি’র ১৪ মে থেকে ২৩ মে পর্যন্ত বাউফলে অবস্থানের কথা স্বীকার করে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তবে নির্বাচনী আচরনবিধি লংঘন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহন করা হবে।
–
(আমাদের বরিশাল ডটকম/বাউফল/কৃক/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |