বঙ্গোপসাগরে নিখোঁজ আরো ১২ জেলে উদ্ধার সংবাদ বিজ্ঞপ্তি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গভীর নিম্নচাপের কবলে পড়ে নিখোঁজ হওয়া ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
আজ মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে নৌবাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ কক্সবাজার উপকূল হতে ৩০-৪০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান থাকা অবস্থায় এসব জেলেদের উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেরা ডুবে যাওয়া ‘এম ভি রোহান’ ট্রালের। উদ্ধারকৃতরা হলেন মহেলখালী থানার শাপলাপুর গ্রামের আবুল কাশেম, মোঃ তৌহিদুল ইসলাম, কাইছার, মোঃ আলমগীর, মোস্তাক আহমেদ, মোঃ আব্দুস শুক্কুর, মোঃ ইয়াছিন, মোঃ ইলিয়াছ, মোঃ জসিম উদ্দিন, মোঃ মনির এবং নাজেম উদ্দিন, চকরিয়া থানার ফাসিয়াখালি গ্রামের মোঃ মোবারক এবং চরফ্যাশন থানার মোঃ আলমগীর।
উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, গত ৩ নভেম্বর এফভি রোহান নামক ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে মহেশখালী হতে গভীর সমুদ্রে গমন করে। ফিশিং ট্রলারটি ঝড়ের পূর্বভাস পেয়ে গত ৫ নভেম্বর পোতাশ্রয়ে ফিরে আসার আগেই ঝড়ের কবলে পড়ে এবং ২৮ জন জেলেসহ গভীর সমুদ্রে ডুবে যায়।
তিনদিন পানিতে ভাসমান থাকার পর আজ এফভি সীমান্ত-১ তাদের অসুস্থ ও ভাসমান অবস্থায় সমুদ্রে টহলরত নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা জাহাজ ১২ জন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে এবং পরবর্তী চিকিৎসার জন্য পোতাশ্রয়ে নিয়ে আসে। উদ্ধারকৃত অসুস্থ জেলেদেরকে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত নৌবাহিনীর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
দূর্ঘটনা কবলিত ট্রলারের বাকি জেলেদের উদ্ধারে নৌবাহিনীর আরও দুটি জাহাজ বঙ্গবন্ধু ও মধুমতি কক্সবাজারের উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে নৌবাহিনী জানিয়েছে।
|