বাবুগঞ্জে সবজিবাহী ট্রাক উল্টে বিক্রেতা নিহত
 বাবুগঞ্জে খাদে পড়ে উল্টে যাওয়া সবজিবাহী ট্রাক (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
বাবুগঞ্জ, ১৭ নভেম্বর (সাইফুল ইসলাম/আমাদের বরিশাল ডটকম): বাবুগঞ্জে সবজিবাহী ট্রাক উল্টে সবজির নিচে চাপা পরে কালু(২৪) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। নিহত সবজি বিক্রেতা কালু মেহেরপুর থানার ফতেপুর গ্রামের মোঃ ফয়েজ উদ্দিনের ছেলে। ১৬ নভেম্বর রাত ১১টায় উপজেলার সাত মাইল ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন বরিশাল-ঢাকা মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
থানা ও স্থানীয় সূত্র জানায়- ফুলকপি, বাঁধাকপি ও কাঁচা মরিচ নিয়ে ঢাকা মেট্রো ড-১৪২৭৭০ নাম্বারের ট্রাকটি মেহেরপুর থেকে ১৬ নভেম্বর বিকেলে ছেড়ে আসে। মধ্যরাতে বাবুগঞ্জের সাত মাইল ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা অতিক্রমকালে সড়কের বেহাল দশার কারনে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা সবজি বিক্রেতা কালু চাঁপা পরে ঘটনাস্থলেই প্রান হারায়। চালক এবং হেলপার সামান্য আহত হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছে।
সবজি বিক্রেতা কালুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে প্রেরন করেছে থানা পুলিশ। তবে ট্রাকে চালকসহ সামনে পিছনে মিলে মোট ১০জন ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। দু’জন সবজি সহ ট্রাকের নিচে চাপা পড়েছিল। একজনকে স্থানীয়রা জীবিত উদ্ধার করলেও কালুকে রক্ষা করতে পারেনি। ক্ষতিগ্রস্থ ট্রাক পুলিশের হেফাজতে আছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার এস আই আরিফ। শেষ খবর পাওয়া পর্যন্ত সংবাদ পেয়ে কালুর পরিবারবর্গ এসে কালুকে সনাক্ত করেছে।
–
(আমাদের বরিশাল ডটকম/বাবুগঞ্জ/সাই/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |