কণ্ঠশিল্পী আসিফ আকবর গ্রেপ্তার বিনোদন অনলাইন
 আসিফকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সিআইডি। ছবিটি বাংলা ট্রিবিউন থেকে সংগ্রহীত
কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম।
তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (০৫ জুন) দিবাগত রাত দেড়টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম।
তিনি জানান, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
মামলায় আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত আসামি রয়েছে বলেও জানায় পুলিশ।
মামলায় বাদী অভিযোগ করেন, গত ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে চ্যানেল ২৪-এর সার্চ লাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বাদী জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছে।
পরে বাদী বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছে।
ঘটনায় বাদী গত ২ জুন রাত ২টা ২২ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন। তার ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি দেন।
পরের দিন রাত ৯ টা ৫৯ মিনিটে আসিফ আকবর বাদীর প্রায় ৩২ লাখ লাইকার সমৃদ্ধ ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে ৫৪ মিনিট ৩৪ সেকেন্ড লাইভ ভিডিওতে আসিফ আকবর বাদীকে শায়েস্তা করবেন -এ কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, তাকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন।
এরপরে বাদী আসিফের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেন।
|