Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত
১৭ December ২০২৫ Wednesday ১২:৩৭:৫০ PM
বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে ওই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাউফল উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এ সময়ে উপজেলা পরিষদ গেটে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বস্তাভর্তি প্লাস্টিকের পাইপ দেখতে পেয়ে সাংবাদিকদের খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে এসে ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ছুটে এসে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এ সময় বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক আজকের বাংলার প্রতিনিধি আবু রায়হানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জামায়াত নেতা পলাশ।
এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বাউফলে কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি এম জাফরান হারুন, সাংবাদিক শিবলী সাদেক, সাংবাদিক ওলিউল রিপন, সাংবাদিক গোলাম মোস্তফা ও সাংবাদিক রুবেল হোসেন প্রমুখ।
বাউফলে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বক্তারা দ্রুত সময়ের ভেতর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আহত সংবাদকর্মী আবু রায়হান বলেন, উপজেলা গেটে পৌঁছে আমরা ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশ আমাদের বাধা দেন। বাধা উপেক্ষা করে ভিডিও করতে গেলে তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আমার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক খালিদুর রহমান বলেন, ওই ব্যক্তি (আবু রায়হান) সাংবাদিক হিসেবে কোনো পরিচয়পত্র দেখায়নি বরং পতাকা ঝোলানোর আমাদের ব্যবহৃত হ্যান্ড স্ট্যান্ডকে অস্ত্র দাবি করে ভিডিও ধারণ করতে থাকেন। পরে সেগুলো লুটপাট করেন। এ নিয়ে কিছু উত্তেজিত কর্মীর সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প