Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ১১:৫৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নির্বাচন–পরবর্তী সহিংসতার অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন, নারীসহ আহত ১৫
১৩ February ২০২৬ Friday ৮:০৩:৪৭ PM
Print this E-mail this

বাউফলে নির্বাচন–পরবর্তী সহিংসতার অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন, নারীসহ আহত ১৫


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর, অফিসে ভাঙচুর, লুটপাট ও নারীসহ অন্তত ১৫ জন আহত হওয়ার অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ঘটনায় দলটি জামায়াত–শিবির সমর্থিত নেতাকর্মীদের দায়ী করে সংবাদ সম্মেলন করেছে।

গতকাল শুক্রবার বিকেলে বাউফল পৌর শহরের হাচন দালাল মার্কেটে অবস্থিত বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম উদ্দিন তালুকদার এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ভোট গণনার ফলাফলে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার পরাজিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলার বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কালাইয়া এলাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের বাসভবন, দাসপাড়া ইউনিয়নে বিএনপি নেতা আলী আজম চৌধুরীর বাড়ি এবং যুবদল নেতা সাইফুল ইসলাম ফিরোজের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ ছাড়া মদনপুরা এলাকায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর, কেশবপুর এলাকায় কয়েকজন নেতাকর্মীকে মারধর, সিকদারের বাজারে একটি ফার্মেসিতে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ করা হয়। চন্দ্রদ্বীপ ও বগা ইউনিয়নে বিএনপির কয়েকজন নেতাকর্মী এবং এক নারীকে মারধরের ঘটনাও উল্লেখ করা হয়। কনকদিয়া এলাকায় এক নারীকে মারধরের অভিযোগও সংবাদ সম্মেলনে তোলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, মোহাম্মদ আলী মেম্বার ও ওয়াদুদ হোসেন।

এ বিষয়ে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক খালিদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মারামারি ও সংঘর্ষ বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল। এসব ঘটনার সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com