পটুয়াখালীর দুমকি উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জরুরি নাগরিক সেবা কার্যত স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন উপজেলায় স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় সৃষ্ট জটিলতার মধ্যে নতুন ইউএনও যোগদান করলেও, এখনো সার্ভারের প্রয়োজনীয় আইডি ও পাসওয়ার্ড পাননি তিনি।
ফলে জন্মনিবন্ধন সংশোধন, অনুমোদনসহ শত শত আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
ভুক্তভোগীদের অভিযোগ, জন্মনিবন্ধনের ভুল সংশোধন ও নতুন অনুমোদনের জন্য করা অসংখ্য আবেদন দীর্ঘদিন ধরে অনলাইনে ঝুলে রয়েছে। জন্ম নিবন্ধন না পাওয়ার কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি, নতুন পাসপোর্ট আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি জরুরি সেবা গ্রহণে মারাত্মক বাধার মুখে পড়ছেন তারা। নিরুপায় হয়ে সেবাপ্রত্যাশীরা প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলেও আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতার কারণে তাদের কেবলই অপেক্ষা করতে বলা হচ্ছে।
উপজেলার লেবুখালী ইউনিয়নের ফরিদুল ইসলাম, পাঙ্গাশিয়া ইউনিয়নের হেদায়েতুল্লাহ এবং শ্রীরামপুর ইউনিয়নের সাইফুল বাশারসহ একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই সমস্যার সমাধান দাবি করেছেন। তারা বলেন, প্রশাসনিক ও কারিগরি জটিলতার দোহাই দিয়ে দিনের পর দিন মৌলিক নাগরিক সেবা ব্যাহত থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুমকি উপজেলার ৫টি ইউনিয়নের শত শত সাধারণ মানুষের আবেদন বর্তমানে এই সার্ভার জটিলতায় আটকে রয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ জন্মনিবন্ধন সংক্রান্ত কাজের জন্য এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, আমি সম্প্রতি এই উপজেলায় দায়িত্ব গ্রহণ করেছি। তবে জন্ম নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য অফিশিয়াল যে আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন, তা এখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে ইতোমধ্যে লিখিতভাবে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আশা করছি আইডি ও পাসওয়ার্ড পাওয়া মাত্রই আটকে থাকা সব আবেদন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)