বরিশালের কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর উদয়পুর গ্রামে স্বামীর স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে স্বামীর বাড়িতে অনশন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার তানিয়া বেগম। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ১৫ নভেম্বর রোববার সকাল ১১টার দিকে লিওন বাঘার বাড়িতে অবস্থান নেন তানিয়া। লিওন বাঘা ওই গ্রামের সেকুল বাঘার ছেলে।
তানিয়া বেগমের অভিযোগ, প্রায় দুই বছর আগে ইসলামি শরিয়াহ অনুযায়ী রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে লিওন বাঘার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর সেকুল বাঘা ও শাশুড়ি নুরজাহান বেগম তাঁকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়ে বাড়িতে আশ্রয় দেন। তবে কিছুদিন পর তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি গাজীপুরে বাবার বাড়িতে চলে যান।
তানিয়া জানান, স্বামীকে ফিরে পেতে তিনি আইনের আশ্রয় নেন। একপর্যায়ে গাজীপুর থেকে কাজিরহাটে এসে স্বামীর বাড়িতে অবস্থান নিলে তাঁকে গালমন্দসহ বিভিন্নভাবে অপমানজনক আচরণের শিকার হতে হয়।
তাঁর অভিযোগ, ১৫ নভেম্বর সন্ধ্যার দিকে ননদ নিলুফা বেগম ও এক নারী ইউপি সদস্যের মাধ্যমে তাঁকে বাড়ি থেকে বের করে কাজিরহাট বাজারে নিয়ে আসা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে বাজারে পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমান টিটুর ফার্মেসির সামনে দাঁড়িয়ে স্বামীর স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম শরীফ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. বাহাদিন হালদার এবং তানিয়ার ননদ নিলুফা বেগম।
উপস্থিত ব্যক্তিরা জানান, ওই রাতে তানিয়াকে নিলুফা বেগমের জিম্মায় রাখা হবে এবং পরদিন সকালে তাঁকে বাবার বাড়িতে পাঠানো হবে। অভিভাবকেরা এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তবে তানিয়ার অভিযোগ, নিলুফা বেগম তাঁকে সঙ্গে নিয়ে যাওয়ার পথে ফেলে চলে যান।
পরে রাত ৯টার দিকে স্বামীর বাড়িতে ফিরে গেলে বসতঘরের দরজা বন্ধ পান তানিয়া। এ সময় বাড়ির উঠানে বসে তাঁকে কান্নাকাটি করতে দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে লিওনের মা নুরজাহান বেগম বলেন, “তানিয়া আমাদের অনেক অত্যাচার করেছে। আমাদের বিরুদ্ধে মামলা করে আমার ছেলে ও স্বামীকে গাজীপুরের জয়দেবপুরে জেলে পাঠিয়েছে। একপর্যায়ে বরিশাল কারাগারেও নেওয়া হয়েছে।”
লিওনের বাবা সেকুল বাঘার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মেয়েটি ভালো নয়। আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আমিও বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের করেছি।”
অন্যদিকে, বিদ্যানন্দপুর ইউনিয়নের বানঘাট বাজারসংলগ্ন এলাকার আব্দুর রহমান জানান, তানিয়া তাঁর পূর্বপরিচিত। একসময় তিনি গাজীপুরের শ্রীপুর এলাকায় তানিয়ার বাড়ির পাশেই ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা আছে। মেয়েটি আদালতে মামলা করেছে। মেয়েটির খালার বাড়ি ছেলের বাড়ির পাশেই। সেখান থেকে অবস্থান করে এমন ঘটনা ঘটছে।”
তবে এ ঘটনায় তানিয়ার অভিযোগের বিষয়ে লিওন বাঘার বক্তব্য পাওয়া যায়নি। বিয়ের কাবিন, পারিবারিক বিরোধ ও উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস